রাজনীতিতে আসার আগে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে নতুন প্রজন্মকে আগ্রহী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দিয়েছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী এ পরামর্শ দেন। সংসদ অধিবেশনের বিরতিকালে শিক্ষার্থীরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসেন লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪১ জন শিক্ষার্থী, ছয়জন শিক্ষক ও অভিভাবক। এ ছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও দুজন শিক্ষক এ পরিদর্শনে অংশ নেন।

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তিনটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেন। এগুলো হলো পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ এবং প্রাণীর প্রতি সদয় আচরণ।

পরিচ্ছন্নতার বিষয়ে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের নিজেদের শহর, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। ময়লা-আবর্জনা যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার পরামর্শ দেন তিনি।

বৃক্ষরোপণের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্ষাকালে নিজের কিংবা পরিবারের কোনো সদস্যের জন্মদিন উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগানো উচিত।

এ ছাড়া পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সদয় ও মানবিক আচরণ করার আহ্বান জানান তিনি।

এর আগে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। এ সময় তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। পরে সংসদ ভবনের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম প্রমুখ।