নূন্যতম মজুরি বোর্ডের তৃতীয় সভা শেষ মুহূর্তে স্থগিত

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণ প্রক্রিয়াকে ঘিরে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। সোমবার সকালে মালিকপক্ষের নিজস্ব মজুরি প্রস্তাব উপস্থাপনের কথা থাকলেও ঠিক শুরুর কিছুক্ষণ আগে অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা।

সোমবার সকালে বোর্ড সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক নোটিশে এই সিদ্ধান্ত জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে মজুরি বোর্ডের তৃতীয় সভাটি অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে এবং শিগগিরই সভার নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে। শ্রম মন্ত্রণালয় থেকেও পৃথক বিজ্ঞপ্তিতে সভা স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সভা স্থগিতের কারণ জানিয়ে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, আমাদের একজন স্থায়ী বোর্ড মেম্বার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁকে ছাড়া বোর্ড মিটিং করাটা ঠিক হবে না। সেই কারণে আমরা স্থগিত করেছি। শিগগির পরবর্তী বৈঠকের তারিখ জানিয়ে দেয়া হবে।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের পক্ষ থেকে সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেওয়া হয়েছিল। সেদিন মালিকপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। সেই নির্ধারিত সময় অনুযায়ী সোমবারের বৈঠকে মালিকপক্ষের নতুন মজুরি কাঠামো প্রস্তাব করার কথা ছিল বিজিএমইএ-এর মাধ্যমে।

বেতন বৃদ্ধির দাবিতে দেশের তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে গত ১ নভেম্বর সরকার ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য নতুন বোর্ড গঠন করে। এর পর থেকেই রাজধানী ঢাকাসহ মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় চলতি ডিসেম্বর মাস থেকেই নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছিল।

চলতি বছর শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। পোশাক খাতের সর্বশেষ ন্যূনতম মজুরি ২০২৩ সালের নভেম্বরে ঘোষণা করা হয়েছিল, যা কার্যকর হয় পরের মাসে। সে হিসাবে বর্তমান নিম্নতম মজুরির মেয়াদ চলতি মাসেই শেষ হওয়ার কথা রয়েছে। এর আগে ২০২৩ সালে পোশাক খাতের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল, যেখানে মজুরি বৃদ্ধি পেয়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ। এখন সবার দৃষ্টি পরবর্তী বৈঠকের নতুন তারিখ এবং মালিকপক্ষ কী প্রস্তাব নিয়ে আসে সেটির দিকেই।