জিয়াউলকে হাতকড়া হেলমেট পরিয়েই আনা হলো ট্রাইব্যুনালে

২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের চাঞ্চল্যকর মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাসে হাজির করা হয়েছে।

সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর এজলাসে একে একে তাদের হাজির করা হয়। এ সময় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে ‘জোর করে নেওয়া হচ্ছে এবং নির্যাতন করা হচ্ছে’ বলে চিৎকার করতে শোনা যায়, অন্যদিকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ছিলেন সম্পূর্ণ নীরব।

সোমবার দুপুর ১২টা ৫৫ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অন্য আসামিদের এজলাসে নেওয়া হয়। তাঁদের সবার হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো হয়েছিল, মাথায় ছিল হেলমেট এবং শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট। এ সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলকে কিছুটা জোরাজুরি করতে দেখা গেলেও জিয়াউল আহসান মাথা নিচু করে নীরবে এজলাসে প্রবেশ করেন।

এর আগে হুইলচেয়ারে করে এজলাসে নেয়া হয় ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে এবং স্বাভাবিকভাবে হাজির করা হয় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে।

এদিন ট্রাইব্যুনাল এলাকায় এপিবিএন ও পুলিশের সমন্বয়ে নেওয়া হয়েছিল নজিরবিহীন ও কঠোর নিরাপত্তাব্যবস্থা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এই মামলার মোট আসামির সংখ্যা ৪১ জন। এর মধ্যে গ্রেপ্তার থাকা ১১ আসামিকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং বাকি আসামিরা পলাতক রয়েছেন। ট্রাইব্যুনাল-২-এ এদিন মামলার অভিযোগ গঠনের বিরুদ্ধে আসামিপক্ষের শুনানির দিন ধার্য ছিল।

এদিকে এর আগে রোববার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে এর আগে হাতকড়া ছাড়া আদালতে নেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন বিএনপির সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।

গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত জিয়াউল আহসানকে প্রটোকলের মতো করে আনন্দভ্রমণে যাওয়ার ভঙ্গিতে আদালতে নেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার প্রসঙ্গ টেনে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, এ ধরনের অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে হাতকড়াহীনভাবে আদালতে নিয়ে যাওয়ার ঘটনা তাঁকেসহ বহু ভুক্তভোগী পরিবারকে গভীরভাবে মর্মাহত ও আতঙ্কিত করেছে।

সোমবার ট্রাইব্যুনালে হাজির করা ১১ হাই-প্রোফাইল আসামি হলেন- সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু এবং ফারজানা রুপা।