ডিসেম্বরে সংলাপ, প্রথম ধাপে ২১ জানুয়ারি এক হাজার ২৬টি ইউপিতে ভোট

দেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হতে পারে। আগামী ২১ জানুয়ারি থেকে প্রথম ধাপের নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ নির্বাচন সামনে রেখে আগামী ১০ ডিসেম্বরের আগেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করতে চায় কমিশন।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

ইসি সানাউল্লাহ জানান, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার এক হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার এক হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, পঞ্চম ধাপে ইচ্ছা করেই ইউনিয়নের সংখ্যা কম রাখা হয়েছে। আইনি জটিলতা বা অন্য কোনো কারণে যেসব ইউনিয়নের নির্বাচন আটকে আছে, সেগুলো পরে এ ধাপে সমন্বয় করা যাবে। এটি কমিশনের পরিকল্পিত ধাপ। ইউনিয়নের সংখ্যা ও নির্দিষ্ট তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

১০ ডিসেম্বরের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ

ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। আগামী ১০ ডিসেম্বরের আগেই এ সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে কমিশনের।

সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেভাবে সংলাপ হয়েছিল, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখেও একইভাবে আলোচনা করতে চায় কমিশন। এ মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে মোট তিন দিনে নিবন্ধনের ক্রমানুসারে রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হবে।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন শুরুর আগে সব রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় নির্বাচনের মতোই আলোচনা করা হবে। সংলাপে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবে কমিশন।

প্রথম ধাপের নির্বাচনের সময়সূচি প্রসঙ্গে তিনি বলেন, ২১ জানুয়ারিকে কেন্দ্র করে প্লাস-মাইনাস ৫০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তারা এ বিষয়ে ঘোষণা দেবেন। কোন ইউনিয়নে ঠিক কবে ভোট হবে, তার বিস্তারিত তালিকা বৃহস্পতিবারের মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

স্থানীয় সরকার নির্বাচনে দেশের আইনশৃঙ্খলা বা রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রভাব পড়বে বলে কমিশন মনে করে না। বরং স্থানীয় সরকার নির্বাচন কোনো কোনো ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সহায়তা করবে।

তফসিলের দিন কার্যকর আইনেই নির্বাচন

নির্বাচন আইন সংশোধনের বিষয়ে কমিশনের সুপারিশ থাকলেও আসন্ন নির্বাচন বিদ্যমান আইন অনুযায়ী হবে কি না, এ বিষয়ে সানাউল্লাহ বলেন, তফসিল ঘোষণার দিন যে আইন কার্যকর থাকবে, সেই আইন অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।

স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কোনো দাবি এসেছে কি না- এ বিষয়ে তিনি বলেন, এ ধরনের কোনো দাবি এখনো কমিশনের কাছে আসেনি। জাতীয় নির্বাচন নিয়ে সেনা মোতায়েনের বিষয়ে আলোচনা হয়েছিল। যেখানে প্রয়োজন হবে, সেখানে প্রয়োজনীয় বাহিনী মোতায়েন করা হবে।

নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনীয় রাখা ও সুষ্ঠুভাবে ভোট আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ততা ও কার্যকারিতা বিবেচনা করবে কমিশন। সংশ্লিষ্ট বাহিনী কোনো এলাকায় কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারছে কি না এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখতে পারছে কি না, তা বিবেচনায় নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

স্মার্ট কার্ড ছাপায় সফটওয়্যার জটিলতা

কমিশন সভায় জাতীয় পরিচয়পত্রের সেবা ও স্মার্ট কার্ড ছাপানোর কাজে চলমান সমস্যা নিয়েও আলোচনা হয়েছে। গত চার-পাঁচ দিন ধরে স্মার্ট কার্ড ছাপানোর সফটওয়্যারে সমস্যা হচ্ছে বলে জানান সানাউল্লাহ। তবে এ কারণে জাতীয় পরিচয়পত্রের কোনো সেবা বন্ধ নেই বলে দাবি করেন তিনি।

সানাউল্লাহ বলেন, জাতীয় পরিচয়পত্র ও স্মার্ট কার্ড ছাপানো বন্ধ নেই। স্মার্ট কার্ড ছাপানোর সফটওয়্যারে গত চার-পাঁচ দিন ধরে সমস্যা হচ্ছে। সমস্যাটির ধরন নিরূপণ করা হচ্ছে। এটি সমাধানের কাজ চলছে। আশা করা হচ্ছে, যেকোনো সময় সমস্যার সমাধান হবে।

তিনি জানান, কারও জাতীয় পরিচয়পত্রের আবেদন অনুমোদিত হলে তিনি নিজেই ওয়েবসাইট থেকে সেটি ছাপিয়ে লেমিনেট করে ব্যবহার করতে পারবেন।

জাতীয় পরিচয়পত্র সেবার চুক্তি নবায়ন না হওয়া এবং অতীতের নিরীক্ষা আপত্তি নিয়েও কমিশন সভায় আলোচনা হয়েছে। সানাউল্লাহ বলেন, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও তা নবায়ন করা হয়নি। এর মধ্যে একটি নিরীক্ষা আপত্তিও অনিষ্পন্ন রয়েছে। কীভাবে এসব সমস্যার সমাধান করে কাজ চালিয়ে নেওয়া যায়, তা নিয়ে আলোচনা করছে কমিশন।

তিনি বলেন, বর্তমানে চুক্তি ছাড়া কিছু কাজ চলছে। দীর্ঘদিনের এ সমস্যা সমাধানের চেষ্টা করছে কমিশন, যাতে জাতীয় পরিচয়পত্রের কার্ড পূর্ণ সক্ষমতায় ছাপানো যায়। ভবিষ্যতে কমিশনের সব কাজ চুক্তির আওতায় পরিচালনার সিদ্ধান্ত রয়েছে। জাতীয় পরিচয়পত্র একটি জাতীয় সেবা হওয়ায় তা বন্ধ রাখা সম্ভব নয়।

ইভিএম নিষ্পত্তির কাজ শুরু হবে গাজীপুর থেকে

নির্বাচনে আর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। সংরক্ষিত এসব যন্ত্র কীভাবে নিষ্পত্তি করা হবে, তা নির্ধারণে গঠিত কমিটির অগ্রগতি নিয়েও কমিশন সভায় আলোচনা হয়েছে।

সানাউল্লাহ জানান, ইভিএম নিষ্পত্তির কাজ গাজীপুর থেকে শুরু করা হবে। সেখানে সবচেয়ে বেশি ইভিএম সংরক্ষিত রয়েছে। প্রথমে মাঠপর্যায়ের বিভিন্ন স্তরে এসব যন্ত্রের সংখ্যা ও অবস্থা নিরূপণ করা হবে। এরপর কমিটির সুপারিশ অনুযায়ী সেগুলো নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হবে।

ইভিএম নিষ্পত্তিতে পরিবেশগত উদ্বেগ ও আর্থিক ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এসব বিষয় এখনো কমিশনের আলোচনায় আসেনি। আগে কমিটির সুপারিশ পাওয়া প্রয়োজন। ইভিএম নিষ্পত্তির একাধিক পদ্ধতি থাকতে পারে। কমিটির সুপারিশ পাওয়ার পর কোন পদ্ধতি গ্রহণ করা হবে, তা ঠিক করা হবে।

ইভিএম নিয়ে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, তদন্ত কমিশন ও দুর্নীতি দমন কমিশনেও আলোচনা বা তদন্ত রয়েছে বলে জানান তিনি। এসব প্রক্রিয়া নিষ্পত্তির পর ইভিএমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইভিএম-সংক্রান্ত একটি প্রতিষ্ঠানের ২৩ কোটি টাকার পাওনা পরিশোধ বন্ধ রাখা প্রসঙ্গে সানাউল্লাহ বলেন, আগের কমিশন একটি নির্দিষ্ট কারণ দেখিয়ে ওই অর্থ পরিশোধ বন্ধ রেখেছিল। সেই সিদ্ধান্তের কারণ ও বিষয়টির পূর্ণাঙ্গ অবস্থা না জেনে বর্তমান কমিশন তা পরিবর্তন করতে চায় না। একটি কমিশনের সিদ্ধান্ত আরেকটি কমিশন পূর্ণাঙ্গভাবে না জেনে হঠাৎ পরিবর্তন করবে না।

জাতীয় পরিচয়পত্র সেবা নিয়ে কর্মশালা

জাতীয় পরিচয়পত্র সেবার সব দিক নিয়ে আগামী পরশু একটি কর্মশালার আয়োজন করবে নির্বাচন কমিশন। সেবাকে আরও সহজ ও জনবান্ধব করার পাশাপাশি সেবাগ্রহীতা এবং কমিশনের ভেতরে ও বাইরে থাকা সমস্যাগুলো সমাধানের বিষয়ে সেখানে আলোচনা হবে।

সানাউল্লাহ বলেন, কর্মশালায় সাংবাদিকদের প্রতিনিধিরাও অংশ নেবেন। নির্বাচন কমিশনের ১২ জন আরএফইডি সদস্যের মধ্যে ১০ জনের অংশ নেওয়ার কথা রয়েছে।

জাতীয় পরিচয়পত্র সেবাকে আরও সহজ ও জনবান্ধব করা এবং সেবার ক্ষেত্রে প্রতিনিয়ত যেসব সমস্যার মুখোমুখি হতে হয়, সেগুলো নিরসন করাই এ কর্মশালার উদ্দেশ্য বলে জানান তিনি।