বিচার বানচালের ষড়যন্ত্র করছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর

শাপলা চত্বর হত্যা মামলায় আজও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হতে চাননি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। তিনি বিচার বানচালের ষড়যন্ত্র করছেন বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ ছাড়া অন্য আসামিদের সঙ্গে জিয়াউল আহসানকে হাজির করা হলে তিনি নাটকীয় পরিস্থিতি তৈরি করেন বলেও অভিযোগ করেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বর হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানিতে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। শুনানি শেষে মামলাটির অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২৩ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এর আগে গত বৃহস্পতিবার হাতকড়া ও নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হন জিয়াউল আহসান। এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এমনকি জাতীয় সংসদেও বিষয়টি নিয়ে আলোচনা হয়।

এর ধারাবাহিকতায় সোমবার শাপলা চত্বর হত্যা মামলার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করাকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। নিরাপত্তার স্বার্থে দুই নারী আসামি ছাড়া জিয়াউল আহসানসহ অন্য আসামিদের হাতকড়া ও হেলমেট পরানো হয়।

শুনানিতে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেন, ‘জিয়াউল আহসান আজ আদালতে আসতে চাননি। তিনি বিচার বানচালের ষড়যন্ত্র করছেন। অন্য আসামিদের সঙ্গে তাকে আনা হলে তিনি নাটকীয় পরিস্থিতি তৈরি করেন।’

এ সময় অসুস্থতা বা অন্য কোনো অজুহাতে কোনো আসামি আদালতে আসতে না চাইলে তাকে ভার্চ্যুয়ালি হাজির করার আবেদনও জানান চিফ প্রসিকিউটর।

পরে মামলাটির অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২৩ নভেম্বর দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।