বিজয় দিবসে সারাদেশে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়

আসন্ন মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে দেশজুড়ে নজিরবিহীন ও নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর নিবিড় সমন্বয়ে এই নিরাপত্তাব্যবস্থা কার্যকর করা হবে।

সোমবার, সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের আন্তমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের গৃহীত জাতীয় কর্মসূচিগুলো সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।

গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, বিজয় দিবসের প্রত্যুষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, দেশি-বিদেশি ভিভিআইপি এবং সর্বস্তরের সাধারণ মানুষের সাভার জাতীয় স্মৃতিসৌধে গমনাগমন ও পুষ্পস্তবক অর্পণকালে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। নিরাপত্তাব্যবস্থাকে আধুনিক ও নিশ্ছিদ্র করতে পুরো স্মৃতিসৌধ এলাকা এবং এর প্রবেশপথগুলোতে পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি ও আইপি ক্যামেরা স্থাপন করা হবে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এসব ক্যামেরা সরাসরি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে যুক্ত থাকবে, যাতে যেকোনো পরিস্থিতি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা যায়।

যে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে পুলিশের বিশেষ শাখাসহ (এসবি) দেশের সব গোয়েন্দা সংস্থাকে সর্বোচ্চ সতর্ক থেকে নজরদারি জোরদার করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বঙ্গভবনে আয়োজিত রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের দেহ ও যানবাহনে নিবিড় তল্লাশির পাশাপাশি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের সব গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজয় দিবসে যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে এবং জনভোগান্তি এড়াতে ঢাকা থেকে সাভার যাওয়ার মূল সড়ক এবং স্মৃতিসৌধের আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি বা দুর্ঘটনা মোকাবিলায় সাভার জাতীয় স্মৃতিসৌধসহ প্রধান অনুষ্ঠানস্থলগুলোতে প্রয়োজনীয় জনবলসহ ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গাড়ি ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখার সিদ্ধান্ত হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।