সংসদ ভবনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ তিনটি বার্তা দিলেন প্রধানমন্ত্রী

শুধু গতানুগতিক পড়াশোনা নয়, বরং সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে কারিগরি শিক্ষা, খেলাধুলা, বহুভাষা শিক্ষা এবং পরিবেশ সচেতনতার ওপর বিশেষ জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতিতে সংসদ ভবন দেখতে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই দিকনির্দেশনা দেন।

সংসদ ভবনের উত্তর প্লাজায় ফটোসেশন, লাইব্রেরি পরিদর্শন এবং সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার পাশাপাশি প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মের উদ্দেশ্যে জীবনমুখী নানা পরামর্শ তুলে ধরেন।

শিক্ষার্থীদের দক্ষ ও কর্মক্ষম করে তোলার রূপরেখা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তোমাদের সবাইকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। আমরা স্কুল-কলেজগুলোতে ভোকেশনাল শিক্ষা চালু করছি। নবম শ্রেণি থেকে বাধ্যতামূলকভাবে ভোকেশনাল শিক্ষা নিতে হবে। পুথিগত বিদ্যার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা অর্জন বর্তমান যুগে কতটা অপরিহার্য, তা তাঁর বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে।

PM Students 01
শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করা হবে। সেখানে ছয়-সাতটি খেলা থাকবে, যার মধ্যে থেকে শিক্ষার্থীরা নিজেদের পছন্দমতো খেলা বেছে নিতে পারবে। একই সঙ্গে বিশ্বমানের সঙ্গে তাল মেলাতে মাতৃভাষার পাশাপাশি আরও একটি বিদেশি ভাষা শেখার ওপর জোর দিয়ে তিনি বলেন, ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ ছয়-সাতটি ভাষার মধ্য থেকে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ রাখা হবে।

রাজধানী ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের সংস্কৃতি গড়ে তোলার পরামর্শ দিয়ে তিনি বলেন, আপনজনদের জন্মদিনে গাছ উপহার দেওয়ার মাধ্যমে সবুজ প্রকৃতি গড়ে তুলতে হবে। মানুষ সৃষ্টির সেরা জীব উল্লেখ করে

এদিন সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের (ঢাকা-১) মাধ্যমে দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৩ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক, রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের নয়জন শিক্ষার্থী জাতীয় সংসদ ভবনে আসেন। সংসদ ভবন পরিদর্শনের অংশ হিসেবে তারা সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন, লাইব্রেরি ঘুরে দেখেন এবং সংসদ অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। সবশেষে সংসদের উত্তর প্লাজায় এক আনন্দঘন পরিবেশে তারা ফটোসেশনে অংশ নেন।