দেশের শীর্ষ মেধাবী শিক্ষার্থীদের বিশ্বনাগরিক হয়ে ওঠার পাশাপাশি নিজ দেশ, শেকড় এবং মানুষের প্রতি দায়বদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
সরকারের লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, এমন এক বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে প্রতিটি তরুণ কোনো সীমাবদ্ধতা ছাড়াই স্বপ্ন দেখতে এবং প্রতিযোগিতা করতে পারবে। সমতা, ন্যায্যতা ও সুবিচারের মূল্যবোধের ওপর দাঁড়িয়ে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
সোমবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার ক্রাউন প্লাজা অডিটোরিয়ামে আয়োজিত ‘আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার্স অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিলের যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনের প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তিগত উদ্ভাবন, বৈজ্ঞানিক পরিবর্তন এবং পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতি দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রকে নতুনভাবে গড়ে তুলছে। এই যুগে একাডেমিক উৎকর্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও কেবল বিচ্ছিন্নভাবে প্রাতিষ্ঠানিক সাফল্য বা ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ থাকা যথেষ্ট নয়।
তিনি এমন এক তরুণ প্রজন্ম গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন, যারা স্বাধীনভাবে চিন্তা করতে পারে এবং প্রচলিত গতানুগতিক ধারাকে প্রশ্ন করতে জানে। দৈনন্দিন জীবনের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ জানিয়ে অন্যদের কাছে অসম্ভব মনে হওয়া জটিল সব সমস্যার সমাধান খুঁজে বের করতে তরুণদের প্রতি আহ্বান জানান তিনি।
উদ্ভাবক, উদ্যোক্তা, বিজ্ঞানী ও গবেষক তৈরির পাশাপাশি প্রতিটি অর্জনে দায়িত্বশীল নাগরিক হিসেবে সঠিক মূল্যবোধ ও নৈতিক আদর্শ বজায় রাখার তাগিদ দিয়ে মাহদী আমিন বলেন, কেবল বর্তমান বিশ্বে সফল হওয়ার স্বপ্ন না দেখে নিজেদের মেধা ও সৃজনশীলতা দিয়ে আগামীর পৃথিবীকে নতুনভাবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, কেবল বিশ্বের সাথে প্রতিযোগিতা করার জন্য নয়, বরং বিশ্বকে কিছু দেওয়া, নেতৃত্ব দেওয়া এবং পৃথিবীকে আরও সুন্দর করার জন্য নিজেদের গড়ে তুলতে হবে। সরকার হিসেবে তরুণদের সার্বিক সহযোগিতা দিতে, অনুপ্রাণিত করতে এবং তাদের সুপ্ত সম্ভাবনাকে সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখা হবে।
নিজ দেশের সম্ভাবনার ওপর আস্থা রাখার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠীর হাত ধরে অসীম সম্ভাবনা রয়েছে। তবে কেবল সম্ভাবনা দিয়ে জাতি গড়ে ওঠে না, মানুষই জাতি গঠন করে। তরুণদের জ্ঞান, সৃজনশীলতা ও দৃঢ় সংকল্পই জাতীয় স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে সাহায্য করবে।
তরুণদের বিশ্বনাগরিক হয়ে উঠার পরামর্শ দিয়ে তিনি বলেন, বিশ্ব থেকে শিখতে হবে, আধুনিক প্রযুক্তিতে দক্ষ হতে হবে এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে। তবে একই সাথে নিজ দেশ, শেকড় এবং দেশের মানুষের প্রতি দায়বদ্ধতার সাথে সবসময় যুক্ত থাকার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।
তৈরি পোশাক শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ যেভাবে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে, তেমনি বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানগুলোতে আজ বাংলাদেশিরা নেতৃত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের বিশ্বমঞ্চে সমৃদ্ধ হয়ে বাংলাদেশকে গর্বের সাথে প্রতিনিধিত্ব করার আহ্বান জানান।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের কেবল ভালো ফলাফলের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে সমাজ ও পৃথিবীতে অর্থবহ ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানিয়ে মাহদী আমিন বলেন, একটি পুরস্কার বা স্বীকৃতি কখনোই কোনো যাত্রার শেষ নয়, বরং এটি সম্মিলিত দায়িত্ববোধের এক নতুন যাত্রার সূচনা মাত্র।
ভবিষ্যৎ পথচলার দিকনির্দেশনা দিয়ে তিনি বলেন, ভালো ফলাফল শিক্ষার্থীদের মেধা ও সক্ষমতার প্রমাণ দেয়। তবে আগামী দিনে তারা কতদূর এগিয়ে যাবে, তা মূলত তাদের উচ্চাকাঙ্ক্ষা এবং পরবর্তী কর্মপরিকল্পনার ওপরই নির্ভর করবে। আনন্দঘন এই মুহূর্তটি উদযাপনের পাশাপাশি নিজেদের ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জ অব্যাহত রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের জীবনের শ্রেষ্ঠ অর্জনগুলো এখনো আগামী দিনের অপেক্ষায় রয়েছে।
কৃতী তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ভবিষ্যতে এই শিক্ষার্থীদের মাঝ থেকেই নোবেল বিজয়ী, শীর্ষস্থানীয় বিজ্ঞানী, বিশ্বমানের প্রকৌশলী, উদ্ভাবনী উদ্যোক্তা এবং চিন্তাবিদ তৈরি হবেন। তারা বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করার পাশাপাশি এমন সব প্রযুক্তি ও প্রতিষ্ঠান গড়ে তুলবেন, যা আগামী দিনে মানবজাতির জীবনধারা বদলে দেবে।
অনুষ্ঠানে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের বাংলাদেশ অঞ্চলের কান্ট্রি লিড সারওয়াত রেজা বক্তব্য রাখেন এবং কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রড স্মিথের একটি ভিডিও বার্তা প্রচার করা হয়।
এতে আরও উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের ডেভেলপমেন্ট কাউন্সেলর ও ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর মার্টিন ডসন, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব মার্কেট জুনায়েদ আহমেদ, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক বিনয় শর্মা এবং কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের রিজিওনাল ম্যানেজার (রিকগনিশন অ্যান্ড পলিসি-সাউথ এশিয়া) শামীম চৌধুরী প্রমুখ।