কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। মঙ্গলবার, সংসদ অধিবেশন শুরুর পরপরই তিনি আসনটি শূন্য হওয়ার এই আনুষ্ঠানিক ঘোষণা দেন। এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জাতীয় সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করেন আসনটির বিএনপিদলীয় সংসদ সদস্য ড. ওসমান ফারুক।
জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। অসুস্থতার কারণে তিনি দেশে ফিরতে না পারায় গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনেও ভোট দিতে পারেননি। সে সময় তিনি সংসদ সচিবালয়কে আনুষ্ঠানিক চিঠি দিয়ে নিজের অনুপস্থিতির বিষয়টি অবহিত করেছিলেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই করার জন্য যে সংসদীয় বিশেষ কমিটি গঠন করা হয়েছিল, ড. ওসমান ফারুক ছিলেন তার অন্যতম সদস্য। এছাড়া গত ১ জুলাই জাতীয় সংসদে ‘ককাস অব আমেরিকা ইন দ্য ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ নামে ১০ সদস্যের যে বহুদলীয় সংসদীয় ককাস গঠন করা হয়, সেই গুরুত্বপূর্ণ কমিটির সভাপতির দায়িত্বও পালন করছিলেন তিনি। তাঁর পদত্যাগের মধ্য দিয়ে এখন আসনটিতে উপনির্বাচনের পথ উন্মুক্ত হলো।