বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ

দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বহু ধাপের জটিল পরীক্ষা-নিরীক্ষা শেষে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে এক নতুন ও গৌরবময় অধ্যায়ের সূচনা হলো। জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সিনক্রোনাইজেশন সম্পন্ন করে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর। এই ঐতিহাসিক অর্জনের মধ্য দিয়ে বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো বাংলাদেশ।

মঙ্গলবার বিকেল ৩টায় পাবনার ঈশ্বরদীতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে প্রথমবারের মতো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। সফল সংযোগের পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সম্মুখে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই ঐতিহাসিক সাফল্যের কথা তুলে ধরে বলেন, এই অর্জন পুরো জাতির জন্য এক অত্যন্ত আনন্দের সংবাদ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব বলা হয়েছে।

Ruppur 02
পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের বর্তমান অবস্থা ব্যাখ্যা করে মন্ত্রী জানান, এদিন জাতীয় গ্রিডে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে এবং এর কারিগরি ফলাফল অত্যন্ত সন্তোষজনক পাওয়া গেছে। পরবর্তীতে জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে সরবরাহ কিছুটা কমিয়ে ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়েছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পর্যবেক্ষণের বিষয়ে মন্ত্রী উল্লেখ করেন, সংস্থাটির প্রতিনিধিদল প্রকল্পের সার্বিক অগ্রগতি ও নিরাপত্তা ব্যবস্থায় অত্যন্ত সন্তুষ্ট এবং তাদের ইতিবাচক মূল্যায়নের কারণেই আজকের এই সফল গ্রিড সিনক্রোনাইজেশন পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়েছে।

এই অভাবনীয় সাফল্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। একই সঙ্গে তিনি দেশের সাধারণ মানুষের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Ruppur
ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরবর্তী কারিগরি ধাপগুলোর বিস্তারিত তুলে ধরে প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রাথমিক এই পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

এ সময় বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। পরবর্তীতে অন্যান্য কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য কেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হবে এবং প্রায় ২৮ ঘণ্টার বিরতি শেষে পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে পরিচালন সংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে।

Ruppur Plant 03
ড. কবীর হোসেন আরও জানান, প্রতিটি ধাপের কারিগরি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী পরীক্ষামূলক পরিচালনার (ট্রায়াল অপারেশন) জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন প্রয়োজন হবে। বায়েরার অনুমোদন পাওয়া সাপেক্ষে বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় জাতীয় গ্রিডে সংযুক্ত হয়ে পরবর্তী কার্যক্রমে এগিয়ে যাবে। রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ মাসের ট্রায়াল অপারেশন সফলভাবে শেষ হলে প্রথম ইউনিট থেকে স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। এর মাধ্যমে রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে প্রথম ইউনিটটি সাময়িকভাবে বুঝে নেবে (বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং পরবর্তীতে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে পরিচালনাকারী সংস্থা হিসেবে এনপিসিবিএল তাদের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করবে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট করে সর্বমোট ২ হাজার ৪০০ মেগাওয়াট। দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণ, দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব ও টেকসই বিদ্যুৎ উৎপাদনে এই মেগা প্রকল্পটি যুগান্তকারী অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। পরীক্ষামূলক এই গ্রিড সংযোগের মধ্য দিয়ে পারমাণবিক প্রযুক্তিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের বিশ্ব তালিকায় বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল।