সশস্ত্র বাহিনী দিবসে ১২ ঘণ্টা ঢাকা সেনানিবাসে যান চলাচলে বিধিনিষেধ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে ১২ ঘণ্টা যান চলাচলে বিধিনিষেধ থাকবে। এদিন সকাল ৭টা থেকে ১১টা এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকার ভেতর দিয়ে সাধারণ যানবাহন চলাচল পরিহারের অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ নভেম্বর (শনিবার) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এদিন সেনানিবাসের রাস্তাগুলো, বিশেষ করে শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক যানজটমুক্ত রাখার লক্ষ্যে এ অনুরোধ জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ছাড়া অন্য সব ধরনের যানবাহনকে নির্ধারিত সময়ে সেনানিবাস এলাকার ভেতর দিয়ে চলাচল পরিহার করার জন্য অনুরোধ করা হয়েছে।