ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হলেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ধাপে ধাপে নির্বাচন আয়োজনের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলেও মনে করেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি।
জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বর ঘিরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে নানা গুঞ্জন রয়েছে। এ অবস্থায় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে কি না, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন,‘ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। ধাপে ধাপে ভোট হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে।’
ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘রাজনৈতিক কোনো মন্তব্য করতে চায় না নির্বাচন কমিশন।’
এর আগে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত এক কর্মশালায় সিইসি বলেন, ‘জাতীয় পরিচয়পত্র সংশোধনে কোনো ধরনের হয়রানি ও দুর্নীতি থাকবে না, এমন পরিবেশ তৈরি করতে চায় নির্বাচন কমিশন।’
কর্মশালায় জানানো হয়, জাতীয় পরিচয়পত্র সংশোধনের প্রায় দেড় লাখ আবেদন ঝুলে আছে।