একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ২১টি প্রকল্প উপস্থাপন করা হলেও ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা। এর মধ্যে সরকারের অর্থায়ন ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা এবং বিদেশি অর্থায়ন ৪২৪ কোটি টাকা।

বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেকের সপ্তম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।

পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, বৈঠকে উপজেলা পর্যায়ে ২৫৬টি সেতু নির্মাণের একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সেতুগুলো নির্মাণে ব্যয় ধরা হয়েছে আট হাজার ৮৮৮ কোটি টাকা। এর পুরো অর্থই আসবে সরকারি অর্থায়ন থেকে।

এ ছাড়া সরকারি অর্থায়নে আট হাজার ৭৫০ কোটি টাকার বেশি ব্যয়ে জয়পুরহাট, ফরিদপুর, রাজবাড়ী এবং সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কয়েকটি প্রকল্প নেওয়া হয়েছে।

নদীর পানি দূষণ বন্ধ, নদীর পাড় দখলমুক্ত করা এবং রাজধানীজুড়ে প্রায় ৩০টি মৃত খাল পুনরুজ্জীবিত করতে ৫৬৭ কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়নে আন্তর্জাতিক ঋণ সহায়তা চাওয়া হবে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী।