নৌবাহিনীর যুদ্ধজাহাজ দেখার সুযোগ, কবে কখন?

শনিবার ‘সশস্ত্র বাহিনী দিবস’ উদ্‌যাপন উপলক্ষে নৌবাহিনীর নির্ধারিত যুদ্ধজাহাজসমূহ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। ওই দিন দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত দেশের পাঁচটি গুরুত্বপূর্ণ নদীবন্দর ও ঘাটে সাধারণ মানুষ নৌবাহিনীর জাহাজগুলো কাছ থেকে দেখার এবং ঘুরে দেখার সুযোগ পাবেন।

বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যেসব স্থানে নৌবাহিনীর জাহাজ দেখা যাবে: আইএসপিআর বিজ্ঞপ্তি অনুযায়ী, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শনিবার দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত যে স্থানগুলোতে নির্ধারিত জাহাজসমূহ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে সেগুলো হলো-

  • ঢাকা: সদরঘাট
  • চট্টগ্রাম: নেভাল বার্থ
  • মোংলা: দিগরাজ নেভাল বার্থ
  • খুলনা: বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল
  • বরিশাল: বিআইডব্লিউটিএ ঘাট

প্রতি বছর ২১ নভেম্বর যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপিত হয়। এরই অংশ হিসেবে দেশের সমুদ্রসীমা ও জলপথের অতন্দ্র প্রহরী বাংলাদেশ নৌবাহিনীর আধুনিক সক্ষমতা ও কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দিতে এবং বাহিনীর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়াতে এই বিশেষ আয়োজন করা হয়েছে।