দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সঙ্কট আশ্রয়শিবিরের তরুণ-তরুণীদের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকায় গভীর প্রভাব ফেলছে। ব্র্যাকের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, রোহিঙ্গা তরুণদের প্রায় অর্ধেক পড়াশোনা বা কোনো কাজের সঙ্গে যুক্ত নন। অন্যদিকে, স্থানীয় তরুণদের প্রতি তিনজনের দুইজন জানিয়েছেন, এই সঙ্কট তাদের জীবিকা ক্ষতিগ্রস্ত করেছে। তবে উভয় জনগোষ্ঠীর তরুণরাই মনে করছেন, প্রত্যাবাসনের জন্য সহায়তা কমানো বা চাপ সৃষ্টি নয়; বরং মিয়ানমারের নাগরিকত্ব, সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্র্যাক আয়োজিত ‘রোহিঙ্গা সঙ্কেটর এক দশক: করণীয় নিয়ে নতুন ভাবনা' শীর্ষক নীতি সংলাপে এসব তথ্য তুলে ধরা হয়। সংলাপে বক্তারা বলেন, রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠী উভয়েই জীবিকার সঙ্কেট রয়েছে এবং সমস্যা সমাধানে সম্মিলিত সিদ্ধান্ত নিতে বিলম্ব করার আর কোনো সুযোগ নেই।
গবেষণায় যা উঠে এসেছে
ব্র্যাক অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ ‘প্রত্যাশা ও বাস্তবতার দোলাচালে: রোহিঙ্গা তরুণদের চোখে জীবিকা, আশ্রয়শিবিরের জীবন ও প্রত্যাবাসনের আশা’ এবং ‘সংকটের ছায়ায় জীবনযাপন: উখিয়া ও টেকনাফের স্থানীয় তরুণদের চোখে জীবিকা, জেন্ডার সমতা ও সহাবস্থান’ শীর্ষক দুটি গবেষণা পরিচালনা করে। ২০২৫ সালের মার্চ ও এপ্রিল মাসে উখিয়া ও টেকনাফের আশ্রয়শিবির এবং পার্শ্ববর্তী এলাকার ১৫ থেকে ৩৫ বছর বয়সী এক হাজার ১৫২ জন তরুণ-তরুণীর (৫৭৬ জন রোহিঙ্গা ও ৫৭৬ জন স্থানীয়) সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদন দুটি তৈরি করা হয়েছে।
রোহিঙ্গা তরুণদের চিত্র: গবেষণায় দেখা গেছে, রোহিঙ্গা তরুণদের ৪৯ দশমিক সাত শতাংশ পড়াশোনা বা কোনো কাজের সঙ্গে যুক্ত নন। তরুণীদের ক্ষেত্রে এই হার ৮৪ দশমিক পাঁচ শতাংশ এবং তরুণদের ক্ষেত্রে ১৪ শতাংশ। মাত্র ১৭ দশমিক ৯ শতাংশ তরুণ পড়াশোনা করছেন এবং ৩৮ দশমিক চার শতাংশ জীবিকার কাজে যুক্ত। কর্মরত তরুণদের বড়ো অংশ এনজিওর স্বেচ্ছাসেবক, দিনমজুর বা ক্ষুদ্র ব্যবসায় যুক্ত এবং মাসে গড়ে মাত্র ১৫ দিন কাজের সুযোগ পান।
প্রত্যাবাসনের হিসাব: নির্দিষ্ট শর্ত পূরণ হলে ৭৬ দশমিক সাত শতাংশ রোহিঙ্গা তরুণ মিয়ানমারে ফিরতে চান। নাগরিকত্ব ও সমান অধিকার নিশ্চিত হলে এই হার ৮২ দশমিক ছয় শতাংশ; তবে নিরাপত্তা ও কাজের সুযোগ ছাড়া শুধু নাগরিকত্বে ফিরতে চান মাত্র ১৯ দশমিক চার শতাংশ। গবেষণায় আরও দেখা যায়, যাদের কিছুটা আয় রয়েছে, তাদের ৭৯ দশমিক তিন শতাংশ ফিরতে চান, আর আয়হীনদের ক্ষেত্রে এ হার ৫৩ দশমিক চার শতাংশ। আশ্রয়শিবিরে সহায়তা ও কাজের সুযোগ কমানো হলে ৫২ দশমিক ছয় শতাংশ সেখানেই থেকে যেতে চান।
স্থানীয় তরুণদের সংকট: স্থানীয় তরুণদের ৬৬ দশমিক সাত শতাংশ জানিয়েছেন, রোহিঙ্গা সঙ্কটে তাদের জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে (টেকনাফে ৭১ দশমিক ছয় শতাংশ ও উখিয়ায় ৬০ দশমিক এক শতাংশ)। ক্ষতিগ্রস্তদের মধ্যে ৮৫ দশমিক আট শতাংশের মতে কাজ পাওয়া কঠিন হয়েছে, ৬৫ দশমিক ৯ শতাংশের মজুরি কমেছে এবং ৩৬ দশমিক চার শতাংশ কাজ হারিয়েছেন। স্থানীয় তরুণীদের ৫৩ দশমিক ৯ শতাংশ মাধ্যমিক বা তার বেশি শিক্ষিত হলেও আয়মূলক কাজে যুক্ত মাত্র ২০ দশমিক আট শতাংশ (পুরুষের ক্ষেত্রে ৭০ দশমিক ২ শতাংশ)।
সহাবস্থান ও প্রত্যাবাসন: রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় স্থানীয় জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন ৭২ দশমিক দুই শতাংশ স্থানীয় তরুণ এবং ৫৭ দশমিক তিন শতাংশের মতে সম্পর্ক ভালো নয়। তা সত্ত্বেও মাত্র ২৩ দশমিক চার শতাংশ জোরপূর্বক প্রত্যাবাসনের পক্ষে। ৯৫ দশমিক পাঁচ শতাংশ স্থানীয় তরুণ কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর দাবি জানিয়েছেন। স্থানীয় তরুণদের মতে, মিয়ানমারে নাগরিকত্ব, পূর্ণ অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হলেই প্রত্যাবাসন সম্ভব।
নীতি সংলাপে বক্তাদের বক্তব্য
অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, রোহিঙ্গা সঙ্কটের সমাধান হতে হবে মিয়ানমারেই। রোহিঙ্গাদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিয়ে নিরাপদে ও সম্মানের সঙ্গে দেশে ফেরার পরিবেশ তৈরি করতে হবে। সহায়তা কমে যাওয়া ও সঙ্কট দীর্ঘ হওয়ায় বাংলাদেশের সীমিত সম্পদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
স্বাগত বক্তব্যে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, রোহিঙ্গাদের জীবিকা ও দক্ষতার উন্নয়নকে একীভূত হওয়ার প্রক্রিয়া হিসেবে নয়, বরং সম্মানের সঙ্গে নিজ দেশে ফেরার প্রস্তুতি হিসেবে দেখতে হবে। একটি সুস্পষ্ট নীতিমালা না থাকলে রোহিঙ্গা ও স্থানীয়—উভয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা ঝুঁকিতে পড়বে।
ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইসেন ফ্রেইসেন বলেন, নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন অনিশ্চিত থাকায় সঙ্কট বাড়ছে; তাই টেকসই ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি মানবিক সহায়তা অব্যাহত রাখা জরুরি। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক শরণার্থীদের মানবিক সহায়তার পাশাপাশি কক্সবাজারে স্থানীয় জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে বিনিয়োগ এবং আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্ব দেন।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রোহিঙ্গাদের শুধু সাহায্যপ্রার্থী হিসেবে না দেখে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণে মতামত দেওয়ার সুযোগ নিশ্চিত করা উচিত। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের পরিচালক নির্ঝর অধিকারী পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের বক্তব্য তুলে ধরে নিরাপদ, স্বেচ্ছায় ও স্থায়ী প্রত্যাবাসনে ধারাবাহিক কূটনৈতিক তৎপরতার কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের শরণার্থী সেলের প্রধান মোহাম্মদ নাজমুল আবেদীন ধাপে ধাপে তথ্য-প্রমাণভিত্তিক পরিকল্পনা এবং স্থানীয় স্বার্থ ও সামাজিক সম্প্রীতি রক্ষার ওপর জোর দেন।
সংলাপে ব্র্যাকের পলিসি অ্যানালিস্ট তারিকুল ইসলাম গবেষণার তথ্য উপস্থাপন করেন। প্যানেল আলোচনা সঞ্চালনা করেন ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক কে এ এম মোর্শেদ এবং সমাপনী বক্তব্য দেন ব্র্যাকের স্বাস্থ্য ও মানবিক সঙ্কট ব্যবস্থাপনা কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক ড. মো. আকরামুল ইসলাম।