দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক অবস্থান উন্নীত করার পাশাপাশি দেশ-বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২২ নভেম্বর) সকালে বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান এম এ কাশেমের নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে।
প্রতিনিধিদলে আরও ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ ও রেহানা রহমান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে। তারা জানায়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ৪০০টি বিশ্ববিদ্যালয় এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা, একাডেমিক বিনিময় ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়টি থেকে স্নাতক সম্পন্ন করা প্রায় ৯৫ শতাংশ শিক্ষার্থী দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন বলেও জানায় প্রতিনিধিদল। এ সময় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সহযোগিতা, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন এবং গবেষণাভিত্তিক জ্ঞানচর্চার বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।
রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে এবং দেশের শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। যে শিক্ষাব্যবস্থা বেকারত্ব সৃষ্টি করে এবং কর্মোপযোগী নয়, তা থেকে ক্রমান্বয়ে বেরিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
সাক্ষাৎকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আসন্ন ২৭তম সমাবর্তনে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান প্রতিনিধিদলের সদস্যরা। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।