স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া দেখবেন প্রধানমন্ত্রী

নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে হেলিকপ্টারে করে তিনি স্বর্ণদ্বীপে পৌঁছাবেন। সেখানে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের একটি বিশেষ প্রদর্শনী ঘুরে দেখবেন। পাশাপাশি অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন রণকৌশলগত কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন তিনি। বিশেষ এই যৌথ মহড়ায় অংশ নিচ্ছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট।

উল্লেখ্য, নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে নিয়মিত প্রশিক্ষণ ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

গত এক যুগেরও বেশি সময় ধরে দ্বীপটিতে সেনাবাহিনীর বিভিন্ন সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলন অনুষ্ঠিত হয়ে এসেছে।

তবে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্টের মতো তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলো এবারই প্রথম একসঙ্গে এই যৌথ মহড়ায় অংশ নিচ্ছে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মহড়া পরিদর্শন ও আনুষঙ্গিক কর্মসূচি শেষে মঙ্গলবার বিকেলেই হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।