দুবাইয়ের শ্রমবাজারে আনসার-ভিডিপি সদস্যরা, প্রথম ধাপে যাচ্ছেন ১০০ জন

বৈদেশিক কর্মসংস্থানে দক্ষ জনশক্তি পাঠানোর উদ্যোগ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক ট্রান্সগার্ড গ্রুপ এলএলসিতে নিয়োগের জন্য ১০০ জন ভিডিপি সদস্য চূড়ান্ত করার কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদর দপ্তরে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

আনসার ও ভিডিপি সূত্রে জানা গেছে, ট্রান্সগার্ড গ্রুপের প্রায় পাঁচ হাজার কর্মীর চাহিদার বিপরীতে ৬০ দিনের নিবিড় প্রশিক্ষণ ও মূল্যায়নের পর ১৩৯ জন সদস্যকে বাছাই করা হয়। এদিন কাগজপত্র যাচাই ও সংক্ষিপ্ত মৌখিক পরীক্ষার মাধ্যমে এখান থেকে ১০০ জনকে চূড়ান্ত করা হচ্ছে। শাটারিং কার্পেন্টার, ম্যাসন (রাজমিস্ত্রি) ও স্টিল ফিক্সার—এই তিনটি ক্যাটাগরিতে তাঁদের নিয়োগ দেওয়া হবে।

বাংলাদেশ আনসার ও ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টের সার্বিক তত্ত্বাবধানে এবং ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি ও রিক্রুটিং এজেন্সি ম্যান ফোর্স বাংলাদেশের সমন্বয়ে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, অদক্ষ জনশক্তির পরিবর্তে প্রশিক্ষিত ও দক্ষ কর্মী পাঠানো বাহিনীর অন্যতম অগ্রাধিকার। প্রান্তিক জনগোষ্ঠীকে দালালচক্রের প্রতারণা ও আর্থিক ক্ষতি থেকে বাঁচাতে সরাসরি যোগাযোগ, ডিজিটাল ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহির মাধ্যমে স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করা হচ্ছে।

তিনি জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বিদেশি মিশন এবং আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্ট ও উন্নয়ন ব্যাংকের সমন্বিত ব্যবস্থাপনায় মধ্যস্বত্বভোগী ছাড়াই নিরাপদ অভিবাসনের সুযোগ তৈরি হয়েছে। ওয়েলফেয়ার ট্রাস্টের ‘ওয়ান সিঙ্গেল পয়েন্ট সার্ভিস’ ও সিআরএম সফটওয়্যারের মাধ্যমে নিবন্ধন থেকে শুরু করে প্রবাসে অবস্থানকালীন সব ধরনের সেবা দেওয়া হবে। পাশাপাশি দেশে প্রবাসীদের পরিবারের নিরাপত্তায় বাহিনীর ৬০ লাখ সদস্যের নেটওয়ার্ক কাজ করবে।

বিদেশগামী সদস্যদের কর্মক্ষেত্রে শৃঙ্খলা, সততা ও দায়িত্বশীলতা বজায় রাখার নির্দেশ দিয়ে মহাপরিচালক বলেন, কোনো অনিয়ম বা শৃঙ্খলাভঙ্গ করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সারা দেশ থেকে বাছাই করা আরও প্রায় এক হাজার প্রশিক্ষিত সদস্য বিদেশে যাওয়ার অপেক্ষায় রয়েছেন বলেও তিনি জানান।

আন্তর্জাতিক শ্রমবাজার সম্প্রসারণ প্রসঙ্গে মহাপরিচালক বলেন, জাপান ও ইউরোপের শ্রমবাজারে আনসার-ভিডিপি সদস্যদের পাঠাতে বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে। আইসিটি ও ভাষা শিক্ষায় দক্ষ সদস্যদের জন্য জাপানি বিশ্ববিদ্যালয় ও ল্যাঙ্গুয়েজ কলেজের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের উদ্যোগ চলছে। এ ছাড়া যাঁরা বিদেশে যেতে পারবেন না, তাঁদের জন্য ‘সঞ্জীবন প্রকল্পের’ আওতায় স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির কাজ চলছে।

অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, চাকরিপ্রার্থী সদস্য ও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।