নীতিমালা ছাড়াই হাজার কোটি টাকার ব্যবসা করছে ফেসবুক

দেশে যখন একের পর এক ই-কমার্স সাইট প্রতারণার ব্যবসা করে যাচ্ছে; তখন বাংলাদেশে কোনো গাইড লাইন ছাড়াই হাজার কোটি টাকার ব্যবসা করছে ফেসবুক। 

আর এই ব্যবসায় যুক্ত হচ্ছে লাখ,লাখ কন্টেন্ট যার অনেকগুলো নিয়ে বাংলাদেশ আপত্তি জানালেও তাতে কোনো ব্যবস্থা নেয়নি প্রতিষ্ঠানটি। 

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেছেন, বাংলাদেশে আপাতত কোনো অফিস দেওয়ার পরিকল্পনা নেই ফেসবুকের। তাহলে ঠিক কোন আইনে চলছে ফেসবুক, এমন প্রশ্নই উঠছে। 

বাংলাদেশে প্রায় পাঁচ কোটি ফেসবুক ব্যবহারকারীর আছে লাখ-লাখ কন্টেন্ট। বাংলাদেশের পক্ষ থেকে যখনই ফেসবুকের কোনো আপত্তিকর কন্টেন্ট সরিয়ে নিতে অনুরোধ করা হয়; ফেসবুক তাতে তোয়াক্কা না করে নিজের মত ব্যবসা করে যায়। তাই বিটিআরসি থেকে শুরু করে সরকারের নানা মহলের অভিযোগ, কথা শোনে না ফেসবুক।

বিভিন্ন কন্টেন্ট নিয়ে বাংলাদেশের আপত্তি অগ্রাহ্য করে কিভাবে বাণিজ্য করছে ফেসবুক, এমন প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি সংসদ সদস্য এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

আরও পড়ুন: ‘চলতি বছর শেষে দেশে চালু হবে ফাইভ-জি সেবা’

আর, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার জানিয়েছেন, শাস্তি দিতে হলে গোটা প্লাটফর্মটাই বন্ধ করে দিতে হবে। 

একাত্তর মঞ্চে যুক্ত হয়ে তিনি জানান, চলতি বছরেই নীতিমালা তৈরির কাজ শুরু হবে। সেই নীতিমালা ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো পরিচালিত হবে। 

এদিকে বাংলাদেশে ফেসবুকের অফিস দেয়া নিয়ে কোনো সুখবর দিতে পারলেন না ডাক ও টেলি যোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। 

বিশেষজ্ঞদের পরামর্শ, অস্ট্রেলিয়া-জার্মানি কিংবা ভারতের মতো বাংলাদেশেও আইন তৈরি করতে, যে আইনে থেকেই কার্যক্রম চালাতে বাধ্য হবে ফেসবুক।


একাত্তর/এসজে