স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম দিনের সংলাপে ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নিরপেক্ষ প্রশাসন, সরকারের প্রভাবমুক্ত ভোট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দাবি জানিয়েছে অংশগ্রহণকারী দলগুলো। অন্যদিকে, যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন। এ জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও চেয়েছেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) প্রথম দিনের সংলাপে আমন্ত্রিত ১৮টি দলের মধ্যে অংশ নেয় ১৫টি রাজনৈতিক দল। জামায়াতে ইসলামীসহ তিনটি দলের প্রতিনিধি সংলাপে উপস্থিত হননি। জামায়াত জানিয়েছে, ১১ দলীয় ঐক্যের সঙ্গে পরে সংলাপে অংশ নেবে। এ ছাড়া জাতীয় পার্টির কোনো প্রতিনিধি সংলাপে অংশ নেননি।
সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসলেও স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে আগের নির্বাচন কমিশনগুলো এ ধরনের উদ্যোগ নেয়নি। তবে এবার স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেছে নাসির উদ্দিন কমিশন।
সংলাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে রয়েছে জাতীয় পার্টি-জেপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরাম।
সংলাপে স্থানীয় সরকার নির্বাচনে নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করা এবং সরকারের প্রভাবমুক্ত পরিবেশে ভোট গ্রহণের দাবি জানায় দলগুলো। পাশাপাশি ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে রাখা, কালো টাকার ব্যবহার বন্ধ করা এবং নির্বাচনে কোনো অনিয়ম হলে যথাযথ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন দলগুলোর প্রতিনিধিরা।
সংলাপে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশন বদ্ধপরিকর। পুরো প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করতে চান তারা। এ জন্য কমিশনের কর্মকাণ্ড জাতির সামনে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা চান তিনি।
সম্ভাব্য চ্যালেঞ্জ সম্পর্কে সিইসি বলেন, এই মুহূর্তে কী কী চ্যালেঞ্জ আসতে পারে, তা বলা যাচ্ছে না। তবে যে চ্যালেঞ্জই আসুক, রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করতে চান তারা।
সিইসি আরও বলেন, শুরু থেকেই বিরোধী দলগুলো স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কমিশনেরও দায়বদ্ধতা রয়েছে। তাই ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে শুরু করে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচনগুলো সম্পন্ন করা হবে।
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সহযোগিতা না করার তো কারণ নেই। কারণ আপনারাই তো নির্বাচন চেয়েছিলেন।’
এবারের নির্বাচন নির্দলীয় হলেও রাজনৈতিক দলগুলোকে নিজ নিজ প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান সিইসি। একই সঙ্গে নির্বাচন সুষ্ঠু করতে কমিশনকে সহযোগিতা করার অনুরোধ করেন তিনি।
সোমবার (৩০ নভেম্বর) দ্বিতীয় দিনের সংলাপে বিএনপিসহ ১৯টি রাজনৈতিক দলের অংশ নেওয়ার কথা রয়েছে।