সাত মাস পর দৈনিক শনাক্ত ছয়শ'র নিচে, মৃত্যু আরো ২৪

২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৮৯ জন। শনাক্তের হার ৩ দশমিক ৪১ শতাংশ। গতকাল ছিলো ৩ দশমিক ৪৩ শতাংশ। এসময় মৃত্যু হয়েছে ২৪ জনের।

শনিবার (২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন মৃত্যু নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৫৫৫ জনের।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৪১ জন। এখনও পর্যন্ত ভাইরাসের সাথে লড়াই করে সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৭ হাজার ৬৪২ জন।

দেশে করোনার শনাক্তর ৫৭২তম দিন পর্যন্ত বিভিন্ন সময়ে মোট সংক্রমিত হয়েছেন ১৫ লাখ ৫৭ হাজার ৩৪৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৫ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ।

দেশে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১২ হাজার ১৫০ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৬ হাজার ৪১৫টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ১৭ হাজার ২৮৩টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৭ লাখ ৭৩ হাজার ২৪৪টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭১ লাখ ৯৭ হাজার ৪৯৯টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৫ লাখ ৭৫ হাজার ৭৪৫টি পরীক্ষা হয়েছে।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ১৫ জন আর নারী ৯ জন। তাদের মধ্যে ৯১-১০০ বছরের মধ্যে একজন, ৭১-৮০ বছরের মধ্যে পাঁচজন, ৬১-৭০ বছরের মধ্যে ৯ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৬ জন, ৩১-৪০ বছরের মধ্যে একজন এবং ২১-৩০ বছরের মধ্যে দুইজন।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃতদের ১৪ জন ঢাকার, চারজন চট্টগ্রামের ও দুইজন রংপুরের বাসিন্দা ছিলেন। এছাড়া খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের একজন করে মারা গেছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ২১ জন আর বেসরকারি হাসপাতালে মারা গেছেন ৩ জন।

দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া পুরুষ ১৭ হাজার ৬৮৩ জন এবং নারীর সংখ্যা ৯ হাজার ৮৭২ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; তা আট লাখ পেরিয়ে যায় এ বছর ৩১ মে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়। এরপর আগের সব রেকর্ড ভেঙে ৬ জুলাই ১১ হাজার ৫২৫ জনের করোনার ধরা পড়ে।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১১ মে তা ১২ হাজার ছাড়িয়ে যায়।

আরও পড়ুন: সুরক্ষা’য় নিবন্ধন ছাড়ালো পাঁচ কোটি

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের আজ বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৮ লাখ ৭ হাজার ৮৯১ জনের। সুস্থ হয়েছেন ২১ কোটি ১৯ লাখ ২০ হাজার ৭৮৯ জন। চিকিৎসাধীন রয়েছেন ১ কোটি ৮৪ লাখ ৪৫ হাজার ১৪৭ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ২৩ কোটি ৫১ লাখ ৭৩ হাজার ৮২৭ জন।


একাত্তর/আরএ