শিক্ষার্থীদের বাসভাড়া অর্ধেক (হাফ পাস) করার দাবিতে মহাখালীর আমতলীর মোড়ে মানববন্ধন করেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। মানববন্ধন কর্মসূচির এক পর্যায়ে ছাত্রলীগ হামলা করে বলে অভিযোগ জানিয়েছে মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছে তারা। আজ বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, মানববন্ধনে তিতুমীর কলেজ ছাত্রলীগের ১৫-৩০জন কর্মী এসে তাদের বাধা দেয়।
তবে ছাত্রলীগের নেতাকর্মীরা দাবি করেন আন্দোলনকারীরা তিতুমীর কলেজের শিক্ষার্থী নয়।
এ বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থী রাব্বী বলেন, আমরা হাফপাশের জন্য আন্দোলন করছি। গলায় আইডি কার্ড থাকার পরেও বহিরাগত বলে মারধর শুরু করে ছাত্রলীগ নেতাকর্মীরা।
এর আগে বেলা ১১টার দিকে গণপরিবহনে ‘হাফ পাস’ ভাড়ার দাবিতে মহাখালীর আমতলীতে সড়ক অবরোধ করে সাধারণ শিক্ষার্থীরা।
উল্লেখ্য, চলতি মাসের প্রথম দিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট ডাকে পরিবহন সংগঠনগুলো। এতে চরম ভোগান্তিতে পড়েন সারা দেশের মানুষ।
তখন সরকার বাসের বাড়া বর্ধিত করলে গণপরিবহন চলাচল শুরু হয় এবং বাসে নতুন ভাড়া কার্যকর করা হয়।
কিন্তু ভাড়া বৃদ্ধির পর থেকে শিক্ষার্থীদের হাফপাস ভাড়া মানছিল না কিছু কিছু পরিবহন- এমন অভিযোগ করেন সাধারণ শিক্ষার্থীরা।
একাত্তর/এসএ