বনানীর রেইনট্রি হোটেল ধর্ষণ মামলার রায় দিয়ে সমালোচনায় আসা সাবেক বিচারক বেগম মোছা. কামরুন্নাহারের ফৌজদারি বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ধর্ষণের মামলায় এখতিয়ারবহির্ভূত পর্যবেক্ষণ দিয়ে সমালোচনার মুখে পড়েন ঢাকার সপ্তম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাবেক এই বিচারক। এরপরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে বিচার বিভাগ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে বর্তমানে সংযুক্ত এবং ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর সাবেক বিচারক বেগম মোছা. কামরুন্নাহার অদ্য ২২/১১/২০২১ তারিখ সকাল ৯:৩০ ঘটিকায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগে সশরীরে উপস্থিত হন।
আরও পড়ুন: ক্ষমা চাইলেন বিচারক কামরুন্নাহার
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ অদ্য আপিল বিভাগের কার্যতালিকার ১ নং ক্রমিকের মামলায় শুনানি অন্তে - তাহার ফৌজদারী বিচারিক ক্ষমতা সিজ (seize) করা হয়েছে মর্মে আদেশ প্রদান করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আলোচিত এ ধর্ষণ মামলার পূর্ণাঙ্গ রায় পরবর্তী সময়ে প্রকাশ হবে।
এর আগে সোমবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে বিচারক কামরুন্নাহার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাসকক্ষে প্রবেশ করেন। পরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে শুনানি হয়।
বিচারক কামরুন্নাহারকে নিয়ে আপিল বিভাগে ক্যামেরা ট্রায়ালে শুনানি অনুষ্ঠিত হওয়ায় সেই সময় বিচারকক্ষ থেকে সুপ্রিম কোর্টের বিভিন্ন অফিসার, আইনজীবী এবং সাংবাদিকদের বেরিয়ে যেতে বলা হয়।
একাত্তর/টিএ