রামপুরায় বাসচাপায় ছাত্রের মৃত্যু, বাসে আগুন, গ্রেপ্তার দুই

রাজধানীর রামপুরায় বাসচাপায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধরা অন্তত ১২টি বাসে আগুন দিয়েছেন। শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ঘাতক বাসের চালক ও সহকারীকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব। 

নিহত শিক্ষার্থীর নাম মাইনুদ্দিন। সে রাজধানীর একরামুন্নেসা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

রাজধানীয় সায়েদাবাদ থেকে গ্রেপ্তার হওয়া ঘাতক অনাবিল বাসের সহকারীর নাম চান মিয়া। গ্রেপ্তার চালকের নাম জানা যায়নি।

সোমবার (২৯ নভেম্বর) রাত ১১টার পর এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘটনাস্থলে জড়ো হয়ে বাসে আগুন দেন বিক্ষুব্ধরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সোমবার রাত ১১টার পর রামপুরা বাজারের কাছে বাসচাপায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বাসে আগুন দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।

আরও পড়ুন: কুমিল্লায় কাউন্সিলর হত্যার দুই আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

খিলগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন সিনিয়র ম্যানেজার মোহাম্মদ হাসান আলী বলেন, বাসচাপায় ছাত্র নিহতের এ ঘটনায় অন্তত ১২টি বাসে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।


একাত্তর/এসি