নটর ডেম শিক্ষার্থীদের নয় দফা, যুগপৎ আন্দোলনের ঘোষণা

সিটি কর্পোরেশনের গাড়ি চাপায় সহপাঠী হত্যার বিচার চেয়ে বিক্ষোভরত নটর ডেম কলেজের শিক্ষার্থীরা নয় দফা দাবি উত্থাপন করেছে। 

বুধবার (১ ডিসেম্বর) এই সাত দাবি জানায় শিক্ষার্থীরা। নটর ডেম কলেজের শিক্ষার্থীরা রামপুরায় অনাবিল বাসের চাপায় নিহত একরামুন্নেসা স্কুলের এসএসসি পরীক্ষার্থী মাঈনুদ্দিনের মৃত্যুর প্রতিবাদে অবস্থান কর্মসূচী পালন করছেন রাজধানীর শাপলা চত্বরে।

নয় দফা দাবিগুলো হলো: 

১. মাঈনের কাঠামোগত হত্যাকাণ্ডের দায় রাষ্ট্রকে নিতে হবে এবং সংশ্লিষ্ট বাসের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা- কর্মচারীদের বিচারের আওতায় আনতে হবে এবং যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। 

২. নাইমের কাঠামোগত হত্যাকাণ্ডের দায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে নিতে হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা- কর্মচারীদের বিচারের আওতায় আনতে হবে। পরিচ্ছন্নতা কর্মীর ফাঁসির কথা বলে সিটি কর্পোরেশন প্রধান হিসেবে মেয়র দায় এড়াতে পারবেন না। 

৩. ফিটনেস বিহীন যানবাহন রাস্তায় পাওয়া গেলে বি আর টি এ কে এর দায় নিতে হবে এবং ফিটনেসবিহীন যানবাহন দ্বারা কোনো হত্যাকান্ড সংঘটিত হলে ঐ যানবাহনের মালিক এবং বিআরটিএ’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করতে হবে৷

৪. প্রাইভেট পরিবহনের বদলে সরকারের আওতায় গণপরিবহন চালু করতে হবে। সকল ড্রাইভার, হেলপারকে চুক্তিভিত্তিক নিয়োগের পরিবর্তে নির্দিষ্ট মাসিক বেতনের আওতায় আনতে হবে। 

৫. ড্রাইভারের লাইসেন্স না থাকলে ড্রাইভারকে নিয়োগকারী প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করতে হবে। 

৬. সারা ঢাকা শহরকে নগর পরিকল্পনার আওতায় এনে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল এবং যথাযথ জেব্রা ক্রসিং এর ব্যবস্থা করে রাস্তা পারাপার বান্ধব শহর তৈরি করতে হবে। 

৭. শিক্ষার্থীদের জন্য  হাফ পাস নিশ্চিত করতে হবে। 

৮. হকারদের পূর্ণ ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের ব্যবস্থা করে রাস্তা ও ফুটপাত হকার মুক্ত করতে হবে। 

৯. রাস্তাঘাটের উন্নয়নজনিত কোন কাজে দীর্ঘসময় চলাচলে বিঘ্ন তৈরি হলে সড়ক ও পরিবহন মন্ত্রণালয়কে দায় নিতে হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের টেন্ডার বাতিল করতে হবে।

প্রসঙ্গত, গত বুধবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলিস্তানে সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাঈম হাসান (১৭) নিহত হন।

 

একাত্তর/এআর