তাহসান-মিথিলা-শবনম ফারিয়ার বিরুদ্ধে প্রতারণার মামলা

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগ এনে জনপ্রিয় তারকা তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 

গত চার ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক এ মামলা করেন।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. রাজিব হাসান।

মামলার অন্য আসামিরা হলেন- গ্রেপ্তার ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল, তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন, আকাশ, আরিফ, তাহের ও মো. আবু তাইশ কায়েস।

তাহসান, মিথিলা ও ফারিয়া ইভ্যালির বিভিন্ন দায়িত্বে ছিলেন।  ই-কমার্স প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত ছিলেন তাহসান। মিথিলা ছিলেন ইভ্যালির ফেস অব ইভ্যালি লাইফস্টাইলের শুভেচ্ছাদূত।  শবনম ফারিয়া প্রধান জনসংযোগ কর্মকর্তা ছিলেন। 

সাদ স্যাম রহমান অভিযোগে উল্লেখ করেন, প্রতারণামূলকভাবে গ্রাহকদের টাকা আত্মসাৎ ও এতে সহায়তা করেছেন তাহসান, মিথিলা ও ফারিয়া।  আত্মসাৎ করা টাকার পরিমাণ তিন লাখ ১৮ হাজার। যা তিনি এখনও উদ্ধার করতে পারেননি।

আরও পড়ুন: গোপনাঙ্গ হারানো এসআইয়ের অবস্থা আশঙ্কাজনক, ঢাকায় স্থানান্তর

মামলার এজাহার সূত্রে জানা যায়, তাহসান, মিথিলা ও শবনম ফারিয়া ইভ্যালির বিভিন্ন দায়িত্বে ছিলেন।  তাদের উপস্থিতি এবং তাদের বিভিন্ন প্রমোশনাল কথাবার্তার কারণে আস্থা রেখে বিনিয়োগ করেন সাদ স্যাম রহমান।  এসব তারকার কারণে মামলার বাদি প্রতারিত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী বলেন, এ মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিদের বিষয়ে তদন্ত চলছে।


একাত্তর/এসি