জোড়া শিশুর অস্ত্রোপচার নিয়ে নতুন সিদ্ধান্ত

আজ পুরোপুরি আলাদা করা হচ্ছেনা জোড়া শিশু লাবিবা-লামিসাকে। ঝুঁকি এড়াতে দুই ধাপে তাদেরকে সম্পূর্ণ আলাদা করা হবে বলে জানিয়েছেন শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আশরাফ উল হক কাজল।

উল্লেখ্য দুই শিশুকে আলাদা করতে সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়।

ডা. আশরাফ উল হক কাজল বলেন, আজকেই আমরা তাদেরকে পুরোপুরি আলাদা করছি না। আজই পুরোপুরি আলাদা করতে গেলে শিশু লামিসার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তার যোনিদ্বারে আঘাত লাগতে পারে।

তিনি বলেন, এজন্য আমরা আজকের অস্ত্রোপচারের মাধ্যমে সেখানে সিলিকন বল স্থাপন করে দেব। ৭ দিন পরপর সেই বল পানি দিয়ে ফুলিয়ে সেখানকার টিস্যুগুলোকে প্রসারিত করা হবে। পরবর্তী ৩ থেকে ৬ সপ্তাহ পর আবার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে হাসপাতালে বিকেল ৪টার সংবাদ সম্মেলনের কথা থাকলেও। দুপুরের আগেই আজকের অস্ত্রোপচার শেষ হয়ে যাবে জানিয়ে সেই সংবাদ সম্মলনটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা।


একাত্তর/এআর