উত্তরের জনপদে কিছুটা শীত থাকলেও, ডিসেম্বরের শেষ দিকেও রাজধানী ঢাকায় নেই শীতের তেমন তীব্রতা, পৌষের শুরুতে এক ঝলক মুখ দেখিয়েই বিদায় নিয়েছে শৈত্যপ্রবাহও।
দেশের আর কোথাও আপাতত শীত আর বাড়ছে না বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। ঢাকা নগরীতেও তীব্র শীতের কোন সম্ভাবনা নেই। এর কারণ, নগরায়ন ও দূষণ।
গেলো কয়েকদিন ধরে উত্তরের জেলাগুলোতে ক্রমাগত বেড়েছে শীতের তীব্রতা। এতে সেখানের কয়েকটি জেলায় ঠাণ্ডাজনিত রোগ বালাইও বেড়েছে।
তবে সেখানকার মানুষের জন্য সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানিয়েছে, আপাতত আর বাড়ছে না শীতের তীব্রতা, নেই শৈত্য প্রবাহেরও আশঙ্কাও।
গেলো ২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া ছাড়া আর কোথাও পারদ নামেনি ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৮.৭ ডিগ্রি সেলসিয়াস।
আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলছেন, রাজধানীতে তেমন শীতের দেখা মিলবে না এবার।
ডিসেম্বর পেরিয়ে গেলেও ঢাকায় শীতের কেন দেখা নেই, এ নিয়ে নগরবাসীর আক্ষেপও সহসাই শেষ হচ্ছে না বলে জানালেন তিনি। দির রাতের তাপমাত্রার তেমন কোন পরিবর্তনও হচ্ছে না।
তাই, ডিসেম্বরের শেষ আর নতুন বছরের শুরুতে জাঁকিয়ে শীতের আমেজ পাওয়া যাচ্ছে না ঢাকা শহরে। সেই সম্ভাবনা কম বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস বলছে, নগরায়ন আর ঘনবসতির কারণে ঢাকায় শীত থাকলেও, নেই তেমন তীব্রতা। আর শৈত্যপ্রবাহের সম্ভাবনা না থাকায় তাপমাত্রাও কমছে না।
সকালের দিকে কুয়াশা থাকলেও সারাদিনই আকাশ পরিষ্কার থাকবে। আর্দ্রতা বাড়ায় সেই ভাবে শীতের কামড় টের পাওয়া যাবে না।
আরও পড়ুন: রাজধানীতে আগের চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ
অথচ দিন কয়েক আগেও চলতি মাসের শুরুতেই শীতের দাপট দেখা দিয়েছিল। কিন্তু পশ্চিমা বায়ুপ্রবাহের কারণে শীতের কনকনে আমেজ উধাও হয়েছে গেছে নগর থেকে।
পশ্চিমা হাওয়ার কারণে উত্তরের হাওয়া বাধা পাচ্ছে। ফলে, ইংরেজি নতুন বছরের শুরুতে তাপমাত্রার পারদ কমে যাবার পরিবর্তে আরো চড়তে পারে।