প্রান্তিক শিশুদের শিক্ষার নতুন দুয়ার ব্র্যাকের ‘শিখন তরি’

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম

মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়ার কাজলা নদীর তীরে পাশাপাশি নোঙর করে রাখা কয়েকটি তরি। বাইরে থেকে দেখে সাধারণ নৌকা মনে হলেও ভেতরে ঢুকলেই চোখ কপালে ওঠার জোগাড়। নদীই যেন এখানে পরিণত হয়েছে এক একটি আধুনিক শ্রেণিকক্ষে। যেখানে পাঠ্যবইয়ের পাতায় বন্দি থাকা তথ্যগুলো জীবন্ত হয়ে উঠছে ডিজিটাল আর বাস্তব উপাদানের মেলবন্ধনে। ‘স্কুলে শিশুরা যাবে না, বরং স্কুলই পৌঁছে যাবে বঞ্চিত শিশুদের দ্বারে’—এই ব্যতিক্রমী বার্তা নিয়ে দুর্গম নদীভাঙন ও হাওরাঞ্চলের শিশুদের শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ‘শিখন তরি’ প্রকল্প।

সম্প্রতি গজারিয়ার কাজলা নদী এলাকায় সরেজমিনে ঘুরে দেখা যায়, ব্র্যাকের শিখন তরির বহরে নতুন যুক্ত হওয়া পরিবেশ তরি, ডিজিটাল তরি আর ইতিহাস তরি ঘুরে দূর-দূরান্ত থেকে আসা শিশুরা আনন্দে মেতে উঠেছে। মুখস্থনির্ভর শিক্ষার চিরাচরিত দেয়াল ভেঙে এখানে শিশুরা শিখছে হাতে-কলমে, দেখে এবং স্পর্শ করে। ভৌগোলিক অবস্থান বা প্রাকৃতিক সীমারেখা যেন প্রান্তিক শিশুদের শিক্ষালাভের পথে প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে, সেটাই এই মহতী উদ্যোগের মূল লক্ষ্য। নদীমাতৃক এই দেশে নদীই যখন পাঠশালা হয়ে ওঠে, তখন তা প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের জন্য এক উজ্জ্বল সম্ভাবনার দুয়ার খুলে দেয়।

প্রযুক্তির আলোয় ডিজিটাল ও ইতিহাস তরি

ডিজিটাল ও ইতিহাস তরিতে পা রাখতেই দেখা গেলো আধুনিক শিক্ষার এক অনন্য চিত্র। বইয়ের অক্ষরগুলো যেখানে শিশুদের হাতের ট্যাবে একদম জীবন্ত। মুক্তিযুদ্ধের ইতিহাস কিংবা সৌরজগতের ত্রিমাত্রিক (থ্রিডি) মডেল ফুটে উঠছে রঙিন স্ক্রিনে। চোখের সামনে ভেসে উঠছে সুন্দরবনের বাঘ, হাতি, মানুষের জটিল অঙ্গসংস্থান কিংবা অত্যাধুনিক রোবট। শুধু তা-ই নয়, একটি রহস্যময় ডিজিটাল কম্পাস হাতে নিয়ে আলতামিরা গুহা, মিসরের পিরামিড কিংবা ভারতের তাজমহলের মতো ঐতিহাসিক ও বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোতে ভার্চ্যুয়াল ট্যুর দিচ্ছে ছোট ছোট শিক্ষার্থীরা।

ইতিহাস তরিতে শিশুরা ইতিহাস কেবল মুখস্থ করে না, বরং বর্তমানের ছবির সঙ্গে মেলবন্ধন ঘটিয়ে ইতিহাসের সঙ্গী হয়ে ওঠে। পাজল মেলানোর খেলায় মেতে উঠে তারা নিজেরাই যেন তৈরি করে ফেলছে ষাটগম্বুজ মসজিদ কিংবা লালবাগ কেল্লা। আহসান মঞ্জিল, মহাস্থানগড় বা সোনারগাঁয়ের পানাম নগরের অতীত ও বর্তমানের ছবি পাশাপাশি রেখে কোনটা কোন স্থান, তা চেনার প্রতিযোগিতা চলছে। এই পাজলভিত্তিক আয়োজনের মধ্য দিয়ে তারা সহজেই অনুধাবন করতে পারছে সময়ের আবর্তে ঐতিহাসিক স্থাপনাগুলোর রূপান্তরের গল্প। এছাড়া জেলাভিত্তিক রঙিন পাজল ম্যাপে বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থানকে পতাকা ও নামফলকের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

ডিজিটাল তরির চমক আরও এক ধাপ এগিয়ে। ল্যাপটপের সামনে বসে এক নারী শিক্ষা সহায়তাকারী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-কে উদ্দেশ্য করে বললেন, ‘মুক্তিযুদ্ধের সময়ের একটি ছবি দাও।’ মুহূর্তের মধ্যে ল্যাপটপের পর্দায় ভেসে উঠল ১৯৭১ সালের ঐতিহাসিক এক মুহূর্তের দৃশ্য। তা দেখে কৌতূহলী শিশুরা বুঁদ হয়ে গেলো ঘটনার পেছনের ইতিহাস জানতে। শুধু ইতিহাসই নয়, এই তরিতে বিশেষ সফটওয়্যার ও প্রযুক্তির মাধ্যমে একজন শিশু ভার্চ্যুয়ালি নিজেকে নভোচারী, চিকিৎসক, ফায়ার সার্ভিস কর্মী, আইনজীবী কিংবা বিশ্বখ্যাত ক্রিকেটার হিসেবে দেখার সুযোগ পাচ্ছে, যা তাদের ভবিষ্যৎ স্বপ্নের পরিধি বাড়াতে দারুণ ভূমিকা রাখছে।

এমনকি প্রত্নতাত্ত্বিক গবেষণার অভিজ্ঞতাও দেওয়া হচ্ছে বেশ ছলে-বলে-কৌশলে। একটি কাঠের ফ্রেমের মধ্যে রাখা পুতির মতো ছোট ছোট দানা খুঁড়লেই বেরিয়ে আসছে ঐতিহাসিক তথ্যের কার্ড। এভাবেই খেলাচ্ছলে পাহাড়পুর বৌদ্ধবিহারের মতো ঐতিহাসিক স্থান আবিষ্কারের আনন্দে মেতে উঠছে তারা।

পরিবেশ সচেতনতা ও জলবায়ু পাঠ

পরিবেশ তরিতে পরিবেশের ভারসাম্য রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুৎ সাশ্রয় এবং ‘থ্রিআর’ (রিডিউস, রিইউজ, রিসাইকেল) ধারনার বাস্তব প্রয়োগ দেখানো হচ্ছে। গ্রিনহাউস গ্যাসের কুপ্রভাবসহ নানান বিষয় শিশুরা নিজেরা পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ পাচ্ছে। খেলতে খেলতেই ছোট ছোট শিশুরা বুঝে ফেলছে জলবায়ু পরিবর্তনের মতো জটিল ও কঠিন বিষয়গুলো। আর ক্লাসের শেষভাগে তাদের মাথায় ঘুরপাক খাচ্ছে জীববৈচিত্র্য ও দূষণ মোকাবিলার নানা উদ্ভাবনী প্রশ্ন।

হাতে-কলমে শিক্ষার কার্যকারিতা ও বৈজ্ঞানিক ভিত্তি

গবেষণা সংস্থা ‘ডেল’-এর তথ্য অনুযায়ী, শিশুরা কোনো কিছু পড়ে মনে রাখতে পারে মাত্র ১০ শতাংশ, শুনে মনে রাখতে পারে ২০ শতাংশ, দেখে ৩০ শতাংশ এবং দেখা ও শোনা একসঙ্গে হলে ৫০ শতাংশ মনে থাকে। আর বলা ও লেখা থেকে শেখে ৭০ শতাংশ। কিন্তু একই বিষয় যখন তারা নিজের হাতে-কলমে সম্পন্ন করে, তখন তাদের শেখার হার দাঁড়ায় সর্বোচ্চ ৯০ শতাংশে! শিখন তরিগুলোতে শিক্ষা উপকরণ এমনভাবে সাজানো হয়েছে, যা শিশুদের চিন্তা ও কল্পনাশক্তিকে একধাক্কায় বহু দূর বাড়িয়ে দেয়।

ব্র্যাকের শিক্ষা কর্মসূচির জ্যেষ্ঠ পরিচালক সাফি রহমান খান জানান, শিখন তরির কার্যক্রম ও উপকরণগুলো বিশেষভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের উপযোগী করে সাজানো হলেও, অন্য শিক্ষার্থী এবং সব বয়সের দর্শকেরাও এখানে শেখার এক অন্যরকম আনন্দ অনুভব করতে পারবেন। এখানে শিশুরা কোনো তথ্য গিলে খাবে না বা মুখস্থ করবে না; বরং তারা শিখবে হাতে-কলমে দেখার ও স্পর্শ করার মাধ্যমে। এই তরিগুলো শিক্ষাব্যবস্থার একাধিক বড়ো চ্যালেঞ্জ—যেমন সুযোগের অসমতা, বৈষম্য এবং মুখস্থনির্ভরতা দূর করতে কার্যকর ভূমিকা রাখছে।

অন্যদিতে ব্র্যাকের শিক্ষা কর্মসূচির সামাজিক ব্যবসা বিভাগের প্রধান নিভিন রেজা জানান, দুর্গম, নদীভাঙন ও হাওরাঞ্চলের শিশুদের কথা মাথায় রেখে নতুন ৩টি তরি যুক্ত করার পর বর্তমানে ব্র্যাকের শিখন তরির সংখ্যা দাঁড়িয়েছে ছয়টিতে। ২০২২ সালের সেপ্টেম্বরে সুনামগঞ্জ থেকে প্রথম গণিত, মূল্যবোধ ও বিজ্ঞান নামক তিনটি তরি যাত্রা শুরু করেছিলো, যা বর্তমানে ভোলায় অবস্থান করছে। এ পর্যন্ত ৪৬২ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকের (ফ্যাসিলিটেটর) মাধ্যমে ১৬টি জেলার ৭৭টি স্পটে তরিগুলো থেকে প্রায় ৮০ হাজার শিক্ষার্থী এই হাতে-কলমে শেখার সুযোগ পেয়েছে।

শিক্ষক ও শিক্ষার্থীদের অভাবনীয় সাড়া পেয়েই সম্প্রতি (গত ১৫ জুন) নতুন পরিবেশ, ডিজিটাল ও ইতিহাস তরি যুক্ত করা হয়েছে। এই নতুন তরি তিনটি ইতিমধ্যে চারটি জেলার ছয়টি এলাকায় অবস্থান করে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থীকে নতুন যুগের শিক্ষার আলো ছড়িয়েছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য শিশুরা বাড়ি ফেরার সময় শুধু একঝুড়ি তথ্য নিয়ে যাবে না, বরং তারা নতুন প্রশ্ন করার সাহস ও কৌতূহল নিয়ে বাড়ি ফিরবে।

শিক্ষাবিদদের মূল্যায়ন ও অন্তর্ভুক্তিমূলক সুবিধা

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী এই উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রান্তিক শিশুদের জন্য হাতে-কলমে শেখার সুযোগ তৈরি করা এখন সময়ের সবচেয়ে বড়ো দাবি। দেশের শিক্ষাব্যবস্থার বড়ো ঘাটতি হলো—শ্রেণিকক্ষে শেখার সঙ্গে বাস্তব জীবনের সংযোগটি শিক্ষার্থীদের সামনে স্পষ্ট করা হয় না। বিদ্যালয় যখন নিজেই নদীপথে প্রান্তিক শিশুদের কাছে চলে আসে, তখন তা তাদের পড়াশোনায় এক নতুন মাত্রা ও সম্ভাবনা যোগ করে।

প্রতিটি শিখন তরি সাধারণত কোনো একটি এলাকায় সাত থেকে ১০ দিন অবস্থান করে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা থাকা এই তরিগুলোতে শিশুদের পাশাপাশি স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষও যুক্ত হতে পারেন। বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী শিশুদের প্রবেশ সুগম করতে তরিতে রয়েছে বিশেষ র‌্যাম্প ও হুইলচেয়ারের ব্যবস্থা।

প্রকল্প ব্যবস্থাপক প্রদীপ কুমার রায় জানান, প্রতিদিন তরিতে শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে এবং দৃষ্টিনন্দনভাবে সাজানো তরিগুলোতে প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবকদের সহায়তায় শিশুরা অসম্ভব উৎসাহ নিয়ে প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করছে। কাজলা নদীর বুক ভেসে থাকা এই তরিগুলো কেবল কাঠ-তক্তার কোনো জলযান নয়, এগুলো আসলে প্রান্তিক শিশুদের স্বপ্ন দেখার এবং তা ছোঁয়ার এক ভাসমান বাতিঘর।

 

একাত্তর/এসি
দেশের তরুণদের উদ্ভাবনী ও সামাজিক উদ্যোগগুলোকে টেকসই রূপ দিতে পাশে দাঁড়িয়েছে ব্র্যাক। ব্র্যাকের ইয়ুথ প্ল্যাটফর্ম চালু করেছে ‘আমরা নতুন তরুণ সামাজিক উদ্যোক্তা ফেলোশিপ প্রোগ্রাম’। এই প্রোগ্রামের আওতায়...
ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ ফিউচার অব ডেভেলপমেন্ট কোঅপারেশন কোয়ালিশনের কমিশনার নিযুক্ত হয়েছেন।
কর্মক্ষেত্র থেকে বিরতি নেওয়া নারীদের কাজে ফেরাতে ব্র্যাকের ‘ব্রিজ রিটার্নশিপ’ শীর্ষক কর্মসূচিটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। প্রায় ১ হাজার ১০০ আবেদনকারীর মধ্য থেকে ১৫ জনকে বেছে নেওয়া হয়েছে,...
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
লক্ষ্মীপুরে প্রকল্পের বিল আটকে রাখা এবং মালামাল পাস করে দেওয়ার বিনিময়ে সরাসরি দুই কোটি টাকা ঘুষ দাবির ভিডিও সোস্যালে ভাইরালের পর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সংশ্লিষ্ট প্রকৌশলীকে সাময়িকভাবে...
সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ আইনি ও নিরাপত্তা নির্দেশিকা জারি করেছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। প্রবাসীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, আইনি জটিলতা এড়ানো এবং বিদেশে...
বরিশালে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এর তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলার উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) কোনো ধরনের সংকট নেই বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে নিশ্চিত করেছেন এলপিজি খাতের আমদানিকারক ও অপারেটররা। সোমবার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর