ঢাকা ম্যারাথনে সোমবার বন্ধ থাকবে যেসব সড়ক

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২২ উপলক্ষে সোমবার সাময়িকভাবে বন্ধ থাকবে রাজধানীর বেশ কিছু সড়ক।

রোববার (৯ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক ট্রাফিক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

ম্যারাথন দলটি ভোর ৫টায় আর্মি স্টেডিয়াম থেকে যাত্রা শুরু করে কাকলী হয়ে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, গুলশান-২ ও গুলশান-১ অতিক্রম করে হাতিরঝিলে প্রবেশ করবে।

এ উপলক্ষে ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, ভোর ৪টা থেকে এসব সড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়া হবে।

হাতিরঝিলে প্রবেশের আগ পর্যন্ত দলটি যতক্ষণ যে সড়ক দিয়ে যাবে, ততক্ষণ সে সড়কটিতে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

ম্যারাথন দলটি কোনো সড়ক অতিক্রম করার সঙ্গে সঙ্গে সে সড়কটি খুলে দেয়া হবে।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন

হাতিরঝিলের প্রবেশপথগুলোয় যানবাহন চলাচল ভোর ৪টা থেকে বেলা আনুমানিক ১টা পর্যন্ত বন্ধ থাকবে। এ জন্য ওই এলাকায় যানবাহন চালকদের প্রতি নির্দেশনা দিয়েছে ডিএমপি।

রেইনবো ক্রসিং থেকে যেসব যানবাহন হাতিরঝিল হয়ে গুলশান, বনশ্রী, রামপুরা এবং বাড্ডায় যেতে ইচ্ছুক, সেগুলো মগবাজার ও মৌচাক হয়ে যাবে।

রামপুরা ইউলুপ এবং ইসলাম টাওয়ার দিয়ে যেসব গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে যেতে ইচ্ছুক, সেগুলো যাবে গুলশান বাড্ডা লিংক রোড হয়ে।

এছাড়া পুলিশ প্লাজা হয়ে যারা হাতিরঝিলের মধ্য দিয়ে বিভিন্ন দিকে যেতে ইচ্ছুক, তারা পুলিশ প্লাজা ও শুটিং ক্লাবের মাঝের রাস্তা দিয়ে বাড্ডা লিংক রোড হয়ে যাবে।

নির্দেশনায় যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়াতে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করে ডিএমপির ট্রাফিক বিভাগ।


একাত্তর/টিএ