রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর জুরাইন এলাকায় নারায়ণগঞ্জগামী চলন্ত ট্রেন থেকে পড়ে মো. আলামিন (১৭) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু  হয়েছে। 

মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকালে ঘটনাটি ঘটে। নিহত আলামিন স্থানীয় কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। 

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রেখে বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে অবিহিত করা হয়েছে। 

উদ্ধারকারী মৃতের বন্ধু জোবায়ের বলেন, তারা দুই বন্ধু জুরাইন রেলগেটের অদূরে শ্যামপুর বড়ুইতলা এলাকায় দাড়িয়ে ছিলেন। সে সময় নারায়ণগঞ্জগামী একটি ট্রেন হালকা থেমে কিছুক্ষণের মধ্যে আবার ছেড়ে দেয়।  

জোবায়ের বলেন, তিনি সে সময়ে বাদাম কিনছিলেন। তারও ট্রেনে ওঠার কথা ছিল, তবে আলামিন উঠতে গিয়ে ধীরগতিতে চলন্ত ট্রেন থেকে পড়ে যান। 

পরে তাকে গুরুতর আহত  অবস্থায় ঢামেক হাসপাতালে নেয়া হয়। 

তিনি আরও বলেন, তারা প্রায় সময় সেখান থেকে ট্রেনে করে নারায়ণগঞ্জের দিকে যেতেন, আবার ফিরে আসতেন। এভাবে প্রায়ই বেড়াতেন তারা।

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার রফিকুল ইসলাম লিটনের ছেলে আলামিন। তিনি শ্যামপুরের সবুজবাগ নামক স্থানে পরিবারের সাথে থাকতেন। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়। 

সংবাদ পেয়ে মৃতের মা লিপি আক্তার হাসপাতালে ছুটে আসেন।


একাত্তর/এসজে