রাজধানীতে ভাড়া নিয়ে বাকবিতণ্ডায় এক যাত্রীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় ঢাকার ওয়ারীর জয় কালী মন্দির এলাকায় ঘটনা ঘটে।
নিহতের ব্যক্তির নাম মো. ইরফান আহমেদ (৪৮)। তিনি ডেমরা সারুলিয়া বড় ভাঙ্গা এলাকার মৃত আলমগীর হোসেনের ছেলে। ইরফান গুলিস্তানের নবাবপুর রোড এলাকার একটি ইলেকট্রিক পণ্যের দোকানের কর্মচারী ছিলেন।
নিহতের স্বজনরা জানিয়েছেন, বাসটি গ্রিনবাংলা পরিবহনের।
মৃতের ছোট ভাই মো. রায়হান জানান, সকালের ডেমরার বাসা থেকে নবাবপুরে কাজের উদ্দেশ্যে বের হয়েছিল ইরফান। তাকে বহনকারী বাসটি জয় কালী মন্দির মোড় এলাকায় পৌঁছলে সঙ্গে ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাসটির সহকারী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সালাউদ্দিন হাসপাতালে নেওয়া হয়। পরে দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওয়ারী থানার উপ-পরিদর্শক এসআই আরাফাত হোসেন, জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছেন বাসটির সহকারী গাড়ি থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে।
আরও পড়ুন: করোনা মুক্ত মির্জা ফখরুল ও তার স্ত্রী
তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। শুধু বাম চোখের নিচে নীল হয়ে ফোলা থাকতে দেখা গেছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
একাত্তর/টিএ