রোববার ‘মুজিব চিরন্তন’ শীর্ক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এ অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা প্রস্তুতি নিয়ে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন এই বার্তা দেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মনিরুল ইসলাম। এসময় ডিএমপির শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার বলেন, ভিভিআইপিরা আসবেন। তাই রাজনৈতিক কোনো কর্মসূচি না দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
এ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণে আপত্তি জানিয়ে কর্মসূচি পালন করেছে কয়েকটি সংগঠন।
মনিরুল ইসলাম বলেন, পাঁচটি দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান আসবেন। এটা আমাদের জন্য আনন্দের। দেশের প্রতিটি নাগরিকের স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার রয়েছে। তবে আসন্ন উৎসবের সঙ্গে দেশের সুনাম জড়িত। এ জন্য এমন কর্মসূচিকে সরকারবিরোধী না বলে দেশবিরোধী বলছি।
তিনি বলেন, যারা ইতিমধ্যে এ ধরনের কর্মসূচি ঘোষণা করেছেন, আমরা আশা করবো, তাদের শুভবুদ্ধির উদয় হবে। এ ধরনের দেশবিরোধী ও দেশের সুনাম ক্ষুণ্ন হয়, এমন কর্মসূচি থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানাচ্ছি। এমন কোনো কর্মসূচির নামে নাশকতার চেষ্টা করা হলে শক্তভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।