করোনা ভাইরাস: ২৪ ঘণ্টায় শনাক্ত কমলেও বাড়লো মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে দেশে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৫৬০।

তবে এদিন তুলনামূলক পরীক্ষা কম হওয়ায় শনাক্তের সংখ্যা কিছুটা কমেছে। এদিন অ্যান্টিজেনসহ মোট ৩৫ হাজার ৭৪টি নমুনা পরীক্ষা করে ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন আট হাজার ৩৫৯ জন। দৈনিক শনাক্তের হার ২৩ দশমিক ৮৩।

শনিবার (৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল শুক্রবার করোনায় ৩০ জনের মৃত্যু ও ৯ হাজার ৫২ জন শনাক্তের খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত করোনায় শনাক্ত হয়েছেন ১৮ লাখ ৫৩ হাজার ১৮৭ জন। মোট শনাক্তের গড় ১৪ দশমিক ৬১।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন সাত হাজার ১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৯৪ হাজার ৩৯১ জন। সুস্থতার হার ৮৬ দশমিক ০৪।

এদিন মৃতদের মধ্যে ২১ জন পুরুষ ও ১৫ জন নারী রয়েছেন। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা গেছে, এদিন মৃতদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগের মারা গেছেন ২৫ জন, চট্টগ্রামের দুই, রাজশাহীর এক, খুলনায় তিন, সিলেটে এক, রংপুরে দুই এবং ময়মনসিংহের দুইজন। 

আরও পড়ুন: প্রদীপ-লিয়াকতের সাজার পরোয়ানার কপি কারাগারে

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেলো বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।


একাত্তর/এসি