গত সাত দিন করোনা শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে

গেলো এক সপ্তাহে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ ২৪ শতাংশ কমলেও, এই সময়ে মৃত্যু বেড়েছে ৬১ শতাংশ। এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকাকরণ শেষ করার ওপরই বেশি জোর দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বিশ্ব করোনা পরিস্থিতি পর্যবেক্ষণকারি ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার ডট কমের সবশেষ হিসাবে দেখা যাচ্ছে, গত সাত দিনে বাংলাদেশে করোনায় সংক্রমিত হয়েছেন ৭৬ হাজার ২০০ জন। আর তার আগের সাত দিনে এই সংখ্যা ছিলো এক লাখ ১০৬ জন।

অন্যদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেলো সাত দিনে মারা গেছেন ২২৬ জন। এর আগের সাত দিনে এই সংখ্যা ছিলো ১৪০ জন। অর্থাৎ, ৬১ শতাংশ বেড়েছে মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, মৃতদের মধ্যে বেশিরভাগেই করোনা টিকা নেয়া হয়নি।

প্রতিবেশী রাষ্ট্র ভারতের সার্বিক করোনা পরিস্থিতিও উন্নতির দিকে। দেশটিতে গেলো এক সপ্তাহে সংক্রমণ কমেছে ৪৫ শতাংশ। তবে একই সময়ে মৃত্যু বেড়েছে ৫২ শতাংশ। 

শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব এবং এশিয়াতেও করোনা সংক্রমণ গত এক সপ্তাহে কমেছে। এশিয়া মহাদেশে এই হার হার পাঁচ শতাংশ। আর গোটা বিশ্বে কমেছে ১৬ শতাংশ।

তবে উত্তর ও দক্ষিণ আমেরিকায় করোনার গ্রাফ দ্রুত নিচের দিকে নামতে শুরু করেছে। উত্তর আমেরিকায় এক সপ্তাহে কমেছে ৪৬ শতাংশ। আর দক্ষিণ আমেরিকায় কমেছে ২০ শতাংশ।

এছাড়া, গত এক সপ্তাহে ইউরোপে করোনার বিস্তার কমেছে ৯ শতাংশ। আর আফ্রিকাতে ২০ শতাংশ। ওশেনিয়াতে করোনা পরিস্থিতি উন্নতির দিকে। এক সপ্তাহে কমেছে ২৭ শতাংশ।

গত সাত দিনে মোট সংক্রমণের শীর্ষে রয়েছে ফ্রান্স। এই সময়ে দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ১৭ লাখ ২৯৮ জন। এরপরই রয়েছে আমেরিকা। সেখানে এই সংখ্যা ১৬ লাখ ৭৫,৬০৮জন।

আরও পড়ুন: নিপুণের সাধারণ সম্পাদক পদ স্থগিত

এরপরই রয়েছে জার্মানি, ব্রাজিল, রাশিয়া, ভারত, তুরস্ক, ইতালি, জাপান ও যুক্তরাজ্য। এরমধ্যে জার্মানি, রাশিয়া, তুরস্ক ও জাপানে সংক্রমণ বাড়ছে। বাকি দেশগুলোতে কমেছে।

সবশেষ এক সপ্তাহে সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে আমেরিকা ১৬ হাজার ৯৪ জন। এরপর ভারত সাত হাজার ৮৫৫, ব্রাজিল পাঁচ হাজার ৩৬৬ এবং রাশিয়া চার হাজার ৬১৬ জন।

 

একাত্তর/আরবিএস