টিসিবি ট্রাকের সামনে লাইনে দাঁড়াচ্ছেন মধ্যবিত্তরাও

বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে চলায় রাজধানীতে টিসিবির ট্রাকে বাড়ছে মানুষের লাইন। সাশ্রয়ী দামে পণ্য কিনতে নিম্ন আয়ের মানুষের এই ভিড়ে এখন যুক্ত হচ্ছেন অনেক মধ্যবিত্তও।

তারা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বাড়ছে তাদের আয়ের সাথে ব্যয়ের ফারাক। তাই বাধ্য হচ্ছেন লাইনে দাঁড়াতে।

তবে, টিসিবির ট্রাকে বেশি দাম নিয়ে পচা পেঁয়াজ বিক্রির অভিযোগ করেছেন ক্রেতারা। তবে টিসিবি বলছেন পচা পেঁয়াজ দেয়ার দায় ডিলারদের।

নিত্যপণ্যের দাম যতো বাড়ে, টিসিবির ট্রাকের সামনে ততো বাড়ে মানুষের ভিড়। অপেক্ষায় শতশত মানুষ। সকালে ট্রাক এসে দাঁড়ানোর আগেই তৈরি হয়ে যায় বহু মানুষের ভিড়।

তবে লাইনের শেষে থাকা মানুষগুলো জানেন না, তারা প্রয়োজনীয় পণ্যটি পাবেন কিনা। কারণ প্রায়ই শেষ হয়ে যায় পণ্যের মজুদ। আর খালি হাতে ফিরতে হয় অনেক ক্রেতাকে।

টিসিবির ক্রেতাদের বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ। কিন্তু লোক লোকলজ্জা ভুলে লাইনে গিয়ে দাঁড়াচ্ছেন অনেক মধ্যবিত্তও। কারণ, তাদের আর কোন উপায় নেই।

টিসিবির ট্রাক থেকে ৫৫০ টাকায় বিভিন্ন পণ্যের যে প্যাকেজ বিক্রি হচ্ছে তাতে ক্রেতার দরকার থাকুক বা না থাকুক, নিতে হবে পাঁচ কেজি পেঁয়াজ। যার বেশিরভাগই খাবার যোগ্য নয়।

তবে টিসিবি বলছে আগের আমদানি করা পেঁয়াজে কিছুটা নষ্ট থাকতে পারে। কিন্তু ক্রেতাদের যাতে নষ্ট পেয়াজ দেয়া না হয়, সে জন্য ডিলারদের দেয়া হয় বাড়তি পেয়াজ।

তাই নষ্ট পেয়াজ বিক্রির দায় ডিলারদের। যদিও ডিলারদের দাবি, তারা ক্রেতাদের কাছে টিসিবির দেয়া পেঁয়াজই বিক্রি করছেন।

আরও পড়ুন: সুপেয় পানি ও সুয়ারেজ সমস্যা সমাধানে উদ্যোগ

ভোজ্য তেলসহ নিত্যপণ্যের বাজারে যে লাগামহীন অবস্থা, তাতে টিসিবির লাইন আরো দীর্ঘ হতে পারে। কিন্তু আরও বেশি মানুষকে সেবার আওতায় আনতে টিসিবির প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে।

একাত্তর/আরএ