বইমেলায় জঙ্গি হামলার আশঙ্কা এড়িয়ে যাওয়া হয়নি: ডিএমপি

বইমেলাকে কেন্দ্র করে জঙ্গি হামলার আশঙ্কা একেবারে এড়িয়ে যাওয়া হয়নি বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।

রোববার (১৩ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার রমনা প্রাঙ্গণ পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। 

ডিএমপি কমিশনার বলেন, বইমেলা কেন্দ্র করে বাংলা একাডেমিকে ঘিরে চারপাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকছে। অভিজিৎ হত্যার রায়ের পর জঙ্গিদের ক্ষিপ্ত থাকা এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেনাবাহিনীর বহিষ্কৃত মেজর জিয়া বাইরে থাকলেও তেমন কিছু ঘটবে না বলেই আশা প্রকাশ করেন তিনি। 

জঙ্গি হামলার আশঙ্কা প্রশ্নে ডিএমপি প্রধান বলেন, অভিজিৎ হত্যা মামলার রায়ে জঙ্গিরা ক্ষিপ্ত হওয়া স্বাভাবিক বলে আমরা মনে করছি। আমাদের যে আলোচনা হয়েছে, সেখানেও চুল চেরা বিশ্লেষণ করা হয়েছে। তবে তাদের মূল নেতা মেজর জিয়া সে এখনও বাইরে আছে।

তিনি বলেন, তবে এই ঝুঁকিকে একেবারে উড়িয়ে দিচ্ছি না। বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, বাংলা একাডেমি, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান ও শহীদ মিনার, শাহবাগ, নীলক্ষেত এলাকায় একটি প্রাথমিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এদিকে কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না। পাশাপাশি সন্দেহজনক কিছু দেখলে তাদের তল্লাশি করা হবে।

মেলার মূল প্রাঙ্গণে বিশেষ নিরাপত্তা থাকবে জানিয়ে তিনি বলেন, বাংলা একাডেমি প্রাঙ্গণে দুটি গেট, সোহরাওয়ার্দী উদ্যানে চারটি প্রবেশ ও চারটি বের হওয়ার গেট থাকবে। প্রতিটি প্রবেশের রাস্তায় মেটাল ডিটেক্টর থাকবে, সার্চ করা হবে। পাশাপাশি সন্দেহ হলে আলাদা রুম থাকবে সেখানে নিয়ে তল্লাশি করা হবে।

তিনি বলেন, বাংলা একাডেমি কর্তৃপক্ষ মেলা ও এর আশপাশের প্রতিটি সড়ক সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে এসেছে।এছাড়া মেলার ভেতর ও বাহিরে সাদা পোশাকে ফোর্স মোতায়েন থাকবে। পাশাপাশি ডিবি, সিটিটিসি, মোবাইল টিম মোতায়েন থাকবে। ডগ স্কোয়াড, বোম ডিস্পোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। সোয়াতের ভ্যান, সিআইডির পক্ষ থেকে সরবরাহ করা ক্রাইম সিন ভ্যান থাকবে। চিকিৎসকদের দলও থাকবে। খাওয়ার পানি সরবরাহ করা হবে। পাশাপাশি যাদের দুগ্ধ পোষ্য শিশু আছে তাদের জন্য কন্ট্রোল রুমের ভেতরে ব্রেস্ট ফিডিংয়ের জায়গা থাকবে।

ডিএমপি কমিশনার বলেন, কোনো উসকানিমূরক বই আসছে কি না সিটিটিসির পক্ষ থেকে মনিটরিং করা হবে। তারা প্রতিদিন কী কী বই আসছে সেটি দেখবেন। এখন রাতের বেলা যদি কেউ বই এনে রাখেন তাহলে তার দায় স্টল মালিক ও প্রকাশককে নিতে হবে।

আরও পড়ুন: জায়েদ-নিপুনের পদ নিয়ে সোমবার শুনানি

এসময় মেলায় স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করা ও গেটে শরীরের তাপমাত্রা মাপা হবে বলেও জানান ডিএমপি কমিশনার।

মেলার ভেতরে ভ্রাম্যমাণ দল থাকবে জানিয়ে তিনি বলেন, স্টলের প্রত্যেককে কোভিড টিকা দেওয়ার সনদ দেখাতে হবে। নয়তো জরিমানা করা হবে এবং মেলায় স্টলে কাজ করতে দেওয়া হবে না।


একাত্তর/এসি