চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে চেম্বার আদালতের দেয়া স্থিতাবস্থা বজায় রেখে হাইকোর্টে রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
নিপুনের আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ শুনানিতে নির্বাচনী আপিল বোর্ডের সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরেন। সেই সাথে বলেন, হাইকোর্ট যে রুল জারি করেছে তা সময় হিসেবে মঙ্গলবার শুনানি হবার কথা। তাই হাইকোর্টেই রুলের শুনানি করা হোক।
তবে জায়েদ খানের আইনজীবী ব্যরিস্টার আহসানুল করিম বলেন, নির্বাচনী আপিল বোর্ডের জায়েদ খানের প্রার্থিতা বাতিলের ক্ষমতাই ছিলোনা। উভয় পক্ষের শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টে রুল নিষ্পত্তির নির্দেশ দেন। সেই সাথে চেম্বার আদালতের দেয়া স্থিতাবস্থা বজায় থাকবে বলে জানান।
এসময় জায়েদ খানের আইনজীবী নিপুনের দায়িত্ব গ্রহণের বিষয়ে আদালতের আদেশ চাইলে আদালত বলেন, চেম্বার আদালত যে স্থিতাবস্থার আদেশ দিয়েছেন তা বহাল থাকবে। যদি নিপুন তা ভঙ্গ করেন তাহলে আদালত অবমাননার অভিযোগ আনতে আবেদন করতে বলেন।
আরও পড়ুন: ভালোবাসা দিবসে ফুল কিনতে গিয়ে প্রাণ গেলো যুবকের
উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করে সমিতির নির্বাচন কমিশন। পরে সমিতির আপিল বোর্ডে নিপুন আপিল করলে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুনকে বিজয়ী ঘোষণা করা হয়।
এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন জায়েদ খান। হাইকোর্ট নিপুনকে জয়ী ঘোষণা করে দেয়া ঘোষণা স্থগিত করে তা কেন বাতিল করা হবে না জানতে চেয়ে এক সপ্তাহের রুল জারি করেন।
এর বিরুদ্ধে নিপুন আপিল বিভাগের চেম্বার আদালতে গেলে আদালত সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থা জারি করে আপিল বিভাগে শুনানির জন্য পাঠিয়েছিলেন।
একাত্তর/এসজে