১০ হাজার প্রবাসী বাংলাদেশিকে পাসপোর্ট দেয়ার দাবি

জরুরি ভিত্তিতে প্রায় ১০ হাজার ইউরোপ প্রবাসী বাংলাদেশিকে পাসপোর্ট প্রদানের দাবি জানিয়েছে বাংলা প্রেসক্লাব ইতালি। রাজধানী ঢাকায় এক সংবাদ সম্মেলন এই দাবি জানায় সংগঠনটি।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলা প্রেসক্লাব ইতালির সভাপতি শাওন আহমেদ। 

এতে বলা হয়, ইউরোপের বিভিন্ন দেশে বসবাসকারী প্রায় ১০ হাজার অবৈধ বাংলাদেশি অভিবাসী পাসপোর্টে না পাবার কারণে বৈধতা থেকে বঞ্চিত হচ্ছেন।

বাংলাদেশিরা ইউরোপে প্রবেশকালে নাম ঠিকানা জন্ম তারিখ এমনকি ধর্ম পরিবর্তন করে থাকে। ফলে তারা পাসপোর্টে পরিবর্তন করতে পারছে না। 

সরকার ২৮ এপ্রিলের পর আর কোনো পরিবর্তনের আবেদন গ্রহণ করবে না বলে রোমে অবস্থিত বাংলাদেশ মিশন থেকে জানিয়ে দেয়া হয়েছে। 

এ সব বাংলাদেশিকে মানবিক দৃষ্টিতে পাসপোর্ট পরিবর্তনের সুযোগ দানের জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানানো হয় ওই সাংবাদিক সম্মেলন থেকে।

আরও পড়ুন: ১০ জনের তালিকা মঙ্গলবার, নাম জানাবে না সার্চ কমিটি

লিখিত বক্তব্যে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য শাওন আহমেদ আরও জানান, ২০২০ সালে ইতালিতে মোট অবৈধ শরণার্থী প্রবেশ করেছে ৪,০৮০ জন।

যার মধ্যে বাংলাদেশের রয়েছেন ৯০৪ জন। এছাড়া ২০২১ সালে ইতালিতে অবৈধ শরণার্থী প্রবেশ করেছে ৬৭ হাজার ৪০ জন। যার মধ্যে বাংলাদেশি রয়েছেন ৭ হাজার ৮২৪ জন। 

এসব শরণার্থীকে রাখা হয় শেল্টার হোমে। এই ১০ হাজার প্রবাসী বাংলাদেশিকে পাসপোর্ট পরিবর্তনের বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধও জানান তিনি।

একই সঙ্গে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব প্রবাসীদের এই সমস্যার সমাধানে পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীরও হস্তক্ষেপও কামনা করেছে।

শাওন বলেন, বাংলাদেশ থেকে লিবিয়া হয়ে বহু টাকার বিনিময় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন বাংলাদেশিরা ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করছে। তাদের মধ্যে অনেকের সলিল সমাধি ঘটছে ভূমধ্যসাগরে।

বেশ কিছু এনজিওর উদ্ধারকারী জাহাজ বাংলাদেশিসহ বিদেশী অবৈধ শরণার্থীদের উদ্ধার করে ইতালির সিসিলি দ্বীপের লাম্পেদুসা সমুদ্রবন্দরে নিয়ে যায়। 

কখনো কখনো তাদেরকে তীরে নামার অনুমতি দিলেও অধিকাংশ সময়ে দিনের পর দিন এ সব জাহাজে অভিবাসীদের অবস্থান করতে হয় বলেও উল্লেখ করেন এই প্রবাসী সাংবাদিক। 


একাত্তর/এআর