একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে সংক্ষিপ্ত এ অধিবেশন শুরু হয়।
করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এটি মাত্র তিন কার্যদিবস চলতে পারে বলে জানা গেছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতেই পাঁচ সদস্য বিশিষ্ট সভাপতিমণ্ডলী নির্বাচন করা হয়েছে। এঁরা হলেন- মো. গোলাম কুদ্দুস, মৃণাল কান্তি দাস, নজরুল ইসলাম বাবু, মুজিবুল হক ও সাহাদারা মান্নান। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা নামের আদ্যক্ষর অনুযায়ী অধিবেশনে সভাপতিত্ব করবেন।
এবারও কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলবে সংসদের কার্যক্রম। অধিবেশনে যোগ দিতে সংসদ সদস্যদের করোনা টেস্ট করাতে হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদেরও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে সংসদে প্রবেশ করতে হয়েছে।