রাজধানীর কল্যাণপুর নতুনবাজার বেলতলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (২০ মার্চ) রাত ৮টা ৫০ মিনিটে ওই বস্তিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুন লাগার পর ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরবর্তীতে আরো ১৩টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভাতে তৎপরতা চালায়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম অপারেটর আল ফারুক একাত্তরকে বলেন, রোববার রাত ৮টা ৪৯ মিনিটে আমরা আগুন লাগার খবর পাই। এরপরই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস সদস্যরা।
আগুন নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।
আরও পড়ুন: সারাদেশে ফ্যামিলি কার্ড কর্মসূচিতে ক্রেতার দীর্ঘ লাইন
প্রসঙ্গত, এর আগেও এই বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। ২০২০ সালের ৩১ অক্টোবর রাত ১০টার দিকে নতুনবাজার বস্তি এলাকায় ভাঙারি ও আসবাবের দোকানে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিটের চেষ্টায় সে সময় রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তখন আগুনে দগ্ধ হন দুইজন।
একাত্তর/আরএ