১০০ তে ১০০ পেয়েছেন দুই সিটির মেয়র

মেগাসিটি ঢাকা। রাজধানী এই শহরের রয়েছে নানা সমস্যা। কিন্তু ঢাকাকে বদলে দেবার স্বপ্ন দেখিয়ে যার প্রয়াত মেয়র আনিসুল হক। দেখিয়ে যান, ইচ্ছা থাকলে কাজ করা যায়।

মানবিক আর পরিচ্ছন্ন ঢাকা গড়ে তুলতে সেই দায়িত্ব পরবর্তীতে এসে পড়ে দক্ষিণ ও উত্তরের মেয়রের কাঁধে। দায়িত্ব পালনের তিন বছরের মাথায় এসে তারা দাবি করলেন সফলতার।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, আমরা দুই মেয়র মিলে পরীক্ষায় উচ্চ নম্বর পেয়েছি। ১০০ তে ১০০ নম্বর পেয়েছি।

তিনি আরো বলেন, আনিসুল হক সাহেবের পরিকল্পনা বা স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি। ঢাকা নগর পরিবহন প্রয়াত আনিসুল হকের অন্যতম স্বপ্ন ছিলো।

মঙ্গলবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২২তম সভা শেষে তিনি এসব কথা জানান। 

সভা শেষে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মেয়র তাপস বলেন, ৩০ দিনের মধ্যে ট্রান্স সিলভা আরও নতুন ২০ বাস যাত্রাপথে যুক্ত করবে। জাহান এন্টারপ্রাইজকে ৪০টি প্রস্তাবনা দেয়া আছে। পরিকল্পনা বাস্তবায়ন অত্যন্ত দুরূহ ছিল। সবার সহযোগিতায় বাস্তবায়ন করতে পেরেছি।

মেয়র বলেন, যাত্রী সেবাটা আমাদের প্রাধান্যের বিষয়। বাস সার্ভিসের যাত্রীরা অত্যন্ত খুশি। তাদের অতিরিক্ত টাকা ও হয়রানির শিকার হতে হচ্ছে না। নির্দিষ্ট জায়গায় থেকে উঠতে পারে আবার নির্দিষ্ট জায়গায় নামতে পারছেন। আমরা মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছি।

আরও পড়ুন: যানজটে নাকাল রাজধানীবাসী, সড়কেই কেটে যায় পুরো দিন

মেয়র তাপস আরও বলেন, ঢাকা নগর পরিবহন ইতোমধ্যে প্রশংসিত হয়েছে, সমাদৃত হয়েছে। ঢাকাবাসী সাদরে গ্রহণ করেছেন। যাত্রীসেবার মান অত্যন্ত সন্তোষজনক অবস্থায় রয়েছে।