রাজধানীর গুলিস্তানে অজ্ঞাত এক ব্যক্তির ছুরিকাঘাতে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন (৪৮) আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ মার্চ) রাত ৯ টার দিকে গুলিস্তানের টিএনটি অফিস সংলগ্ন টেম্পু স্টেশনের কাছে ঘটনাটি ঘটে।
ঘটনার পর পথচারীদের সহযোগিতায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয় জাহাঙ্গীর হোসেনকে।
হাসপাতালে নেবার পর তার পিঠে ছুরিকাঘাতের রক্তাক্ত জখম ছিল বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
আহত পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তিনি ঢাকার সিএমএম আদালতে গিয়েছিলেন। কাজ শেষে ফেরার পথে গুলিস্তান নেমে হাটার সময় এই আক্রমণের শিকার হয়েছেন।
উদ্ধারকারী পথচারী আবু সাঈদ হাসান জানান, খালি গায়ে, খালি পায়ে, লুঙ্গি পড়া অজ্ঞাত এক ব্যাক্তি তাকে পেছন থেকে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যান।
একাত্তর/জো