ইতিহাসের শেকড়ের খোঁজে চলছে অদম্য পদযাত্রা

বাংলাদেশের ইতিহাসের শেকড় কতোটা শক্ত তরুণ প্রজন্মকে তা বোঝাতে মুক্তিযুদ্ধ জাদুঘর ও ঐতিহ্যের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় অদম্য পদযাত্রার।

শনিবার (২৬ মার্চ) ভোর ছয়টায় শহীদ মিনার প্রাঙ্গন থেকে পদযাত্রা শুরু হয়ে ঢাকা মেডিকেল, কেন্দ্রীয় কারাগার, ধানমন্ডি ৩২ নম্বর, আসাদগেট, মুক্তিযুদ্ধ জাদুঘর ঘুরে সন্ধ্যায় এই পদযাত্রা পৌঁছাবেন সাভার জাতীয় স্মৃতিসৌধে। ১০ বছর ধরে এই পদযাত্রার আয়োজন করা হচ্ছে। এবারের পদযাত্রায় শিক্ষার্থীদের সঙ্গ দিচ্ছেন লেখক-অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল। হাঁটার মাঝে বিরতি নিয়ে ঐতিহাসিক স্থানগুলোর নামকরণ ও ইতিহাস তরুণদের কাছে তুলে ধরেন, তিনি।

জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় এই আয়োজন। 

প্রথমেই স্বাধীন বাংলার পতাকা হাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আমতলা গেটের সামনে যায় অভিযাত্রী দল। এই আমতলার ঐতিহাসিক প্রাঙ্গণ থেকে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে মিছিল করে ১৪৪ ধারা ভাঙ্গে ভাষা সংগ্রামীরা। 

এই স্মৃতিধন্য স্থান ছুঁয়ে পদযাত্রা যায় পুরাতন কেন্দ্রীয় কারাগারে। এই কারাগারেই বিভিন্ন সময়ে বন্দী ছিলেন স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতাসহ বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের নায়ক, মহানায়করা। এখানে শ্রদ্ধা নিবেদন শেষে হোসেনী দালান সড়ক ধরে বকশীবাজার মোড় হয়ে শহীদ ডাঃ ফজলে রাব্বি হলের সামনে দাঁড়িয়ে স্মরণ করা হয় এই শহীদ বুদ্ধিজীবীকে। হল পেরিয়ে বুয়েট প্রধান ফটক সংলগ্ন শহীদ মিনারের সামনে দিয়ে ধীরলয়ে হেঁটে যায় পদযাত্রী দল। 

পলাশীর মোড়ে অবস্থিত ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘরের সামনে দিয়ে ইডেন কলেজ পেরিয়ে নিউমার্কেট হয়ে এবারের গন্তব্য ধানমণ্ডি ৩২ নম্বর। সেখান থেকে আসাদ গেট ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের লক্ষ্যে নির্মিত মুক্তিযোদ্ধা টাওয়ার পেরিয়ে পদযাত্রী দল যায় আগারগাঁও-এ অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে। 

এখানে তরুণদের সাথে যুক্ত হবেন ব্রতচারীসহ বিভিন্ন সাংস্কৃতিক দল। তাদের সাংস্কৃতিক পরিবেশনায় উদ্দীপ্ত হন অভিযাত্রীরা। মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে বেরিয়ে এসওএস শিশুপল্লী, টেকনিক্যাল মোড়, মাজাররোড হয়ে পদযাত্রা যায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। সেখানে শ্রদ্ধা নিবেদন ও নীরবতা পালন শেষে দিয়াবাড়ি ঘাটে অপেক্ষমাণ নৌকায় শুরু হবে পদযাত্রীদের জলযাত্রা। 

এরপর পদযাত্রী দল চলে যাবে মুক্তিযুদ্ধের শেষ পর্বে পাক বাহিনীর সঙ্গে মুক্তিকামী বাঙালীর সম্মুখ যুদ্ধের স্মৃতিঘেরা সাভার ডেইরি ফার্মে। ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরি ফার্ম গেটসংলগ্ন শহীদ টিটোর সমাধির পাশে দাঁড়িয়ে জানাবে বিনম্র শ্রদ্ধা। এর পর পদযাত্রী দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পেরিয়ে পৌঁছে যাবে জাতীয় স্মৃতিসৌধে। সেখানে নতশিরে শ্রদ্ধা জানাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। আর গভীর ভালবাসায় উচ্চারণ করবে তারুণ্যের দৃপ্ত শপথ।


একাত্তর/এআর