টিপু ও প্রীতি হত্যাকাণ্ডের সেই শুটার গ্রেপ্তার, চুক্তিতে খুন

রাজধানীর শাহজাহানপুরে জনসমক্ষে খুন হওয়া মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতি হত্যাকাণ্ডের মূল শুটারকে গ্রেপ্তারের দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। চুক্তিতে ভাড়াটে খুনি দিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলেও জানায় তারা। 

রোববার (২৭ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ডিএমপি’র অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার। 

ডিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টিপু হত্যার বিষয়টি স্বীকার করেছেন বগুড়া থেকে গ্রেপ্তারকৃত মাসুম মোহাম্মদ আকাশ। এছাড়া সিসি ক্যামেরার ফুটেজ ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এই হত্যাকাণ্ডে আকাশের অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

একটি চক্র আকাশকে ভাড়া করে চুক্তিতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে জানালেও এই চক্রের বিষয়ে এখনই মুখ খুলছে না পুলিশ। হত্যাকাণ্ডটি প্রতিপক্ষের সঙ্গে দ্বন্দ্বের জেরে কিনা তাও নিশ্চিত হতে আরেকটু সময় চায় তারা।

ডিবি বলেছে, প্রীতিকে গুলি করা প্রসঙ্গে আকাশ জানিয়েছেন, টিপুকে লক্ষ্য করেই গুলি করেছেন তিনি কিন্তু পরে সেই গুলিতে একটি মেয়ে মারা গেছেন বলে শুনেছেন।

এর আগে, এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বগুড়া থেকে বগুড়া জেলা পুলিশের সহায়তায় মাসুম মোহাম্মদ আকাশ (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

জানা গেছে, হত্যার পরদিন রাতে ঢাকা থেকে একটি গাড়িতে জয়পুরহাটে যান আকাশ। সেখান থেকে সীমান্ত পেরিয়ে ভারতে পালাতে চেষ্টা করেন তিনি। তবে সে চেষ্টা ব্যর্থ হলে  তিনি বগুড়া চলে আসেন। 

আকাশের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ চার-পাঁচটি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। 

ডিবি জানায়, কন্ট্রাক্ট কিলিংয়ের কাজটি পাঁচদিন আগে পায় মাসুম মোহাম্মদ আকাশ। টাকা ছাড়াও তার বিরুদ্ধে থাকা আগের কয়েকটি মামলা তুলে নেওয়া ও আরও কিছু সুবিধা দেওয়ার চুক্তিতে এই কিলিং মিশনে নামতে রাজি হন তিনি। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবিকে আকাশ জানিয়েছেন, খুনের কন্ট্রাক্ট পাঁচদিন আগে পেলেও তিনদিন আগে তিনি জানতে পারেন কাকে খুন করতে হবে। ওইদিন কমলাপুরের ইনল্যান্ড ডিপো এলাকায় অপরিচিত এক ব্যক্তি এসে তাকে ও তার সহযোগীকে একটি মোটরসাইকেল ও অস্ত্র দিয়ে যান।

শাহজাহানপুরে এই হত্যাকাণ্ড ঘটানোর আগের দিন টিপুকে কমলাপুরে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন আকাশ, জানিয়েছে ডিবি। 

সংবাদ সম্মেলনে ডিবি জানায়, গ্রেপ্তারকৃত আকাশের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলবের কাইশকানি এলাকায়। একটি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাফিকস ডিজাইনের ওপর পড়াশোনা করেন তিনি। 

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে শাহজাহানপুর রেলগেটের পাশে যানজটে আটকে থাকা গাড়িতে টিপুকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি করে এক শ্যুটার। এতে টিপু ও তার গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন। এসময় গাড়ির পাশে রিকশায় থাকা বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী প্রীতির গায়েও গুলি লাগে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা টিপু ও প্রীতিকে মৃত ঘোষণা করেন। গাড়িচালক মুন্না চিকিৎসাধীন।


একাত্তর/জো