ভোক্তা অধিকারের অভিযানে ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

রোজা শুরুর ঠিক একদিন আগে রাজধানীতে জোরেশোরে শুরু হলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান।

‘বেশি দাম রাখা এবং পাকা রশিদ’ না থাকার অপরাধে রাজধানীর ছয় ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে সংস্থাটি। 

সংস্থাটির কর্মকর্তারা বলছেন, রমজানে অযৌক্তিক মুনাফা করলে পার পাবে না কেও। সেই সাথে কেনা-বেচা করতে হবে অবশ্যই ‘পাকা রশিদে’। 

রোজার মুখে পণ্যের দাম বাড়বেই, এটাই যেন স্বাভাবিক। তবে এবারও যেন সেটা না হয়, সে জন্যে রাজধানীতে জোরেশোরে অভিযান করছে ভোক্তা অধিদপ্তর। 

শুক্রবার (১ এপ্রিল) সকালে অভিযানের শুরু হয় রাজধানীর কারওয়ান বাজার থেকে। কিচেন মার্কেটের দোতলায় মশলা, ডাল, তেল, চিনির দরদাম তদারকি করেন ভোক্তা অধিকারের কর্মকর্তারা। বেশি দাম রাখা এবং পাকা রশিদ না রাখায়, জরিমানা করেন এই বাজারের পাঁচ ব্যবসায়ীকে।

কারওয়ান বাজারের পর ভোক্তার কর্মকর্তারা যান মোহাম্মদপুর কৃষি মার্কেটে। যেখানে দেখা যায় সরকার নির্ধারিত দামের চেয়ে পাঁচ টাকা বেশিতে ১৩৫ টাকা লিটারে পাম অয়েল বিক্রি করছে, ‘সততা ট্রেডার্স’। ফলে অসততার জন্য সততা ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

ছয় ব্যবসায়ীকে সব মিলিয়ে ৮০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা।  

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহনাজ সুলতানা বলেন, রোজায় যেন কোন ব্যবসায়ী ইচ্ছেমতো দাম বাড়িয়ে অযৌক্তিক মুনাফা করতে না পারে, সেটা নিশ্চিত করাই তাদের উদ্দেশ্য।  

আরও পড়ুন: মেডিক্যাল ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রসহ দুইজন আটক

টিসিবি’র তথ্য বলছে, গেল এক সপ্তাহে দাম বেড়েছে খোলা পাম অয়েল, দেশি পেঁয়াজ, আমদানি করা শুকনা মরিচ, জিরা ও মুরগীর। 

একই সময়ে কমেছে, চাল, খোলা আটা ও ময়দা, পাম অয়েল সুপার, বোতলজাত ও খোলা সয়াবিন তেল, আমদানিজাত পেঁয়াজ-রসুন, দেশি আদা ও হলুদ, আলু, মসুর ডাল, এলাচ, খেজুর ও ডিমের দাম। 


একাত্তর/এসজে