প্রস্তাবিত গণমাধ্যম কর্মী (চাকরির শর্তাবলি) আইন নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলোচনা করবে সংসদীয় স্থায়ী কমিটি এবং বিলটি চূড়ান্ত করার আগে স্টেক হোল্ডারদের পরামর্শ বিবেচনা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু, এমপি।
শনিবার (২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে ব্রডকাস্ট প্রডিউসারস অ্যাসোসিয়েশনের (বিপিএ) নব নির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ইনু বলেন, বাংলাদেশ রাষ্ট্রের জন্মের সময়ই কিছু বিষয় মীমাংসিত হয়েছে। একাত্তরের পরাজিত সাম্প্রদায়িক শক্তি এই মীমাংসিত বিষয়গুলোকে বিতর্কিত করে তুলতেই নানা সময় নানা রূপে হাজির হয়। ব্রডকাস্ট প্রডিউসারদেরকে কনটেন্ট তৈরির সময় এই বিষয়গুলো মাথায় রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) ট্রাস্টি, গ্লোবাল টিভির সিইও, সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে গণমাধ্যম কর্মী আইনের খসড়া প্রস্তুত করা হয়েছিল। কিন্তু তথ্য মন্ত্রণালয় সে খসড়াকে পাশ কাটিয়ে সংসদে বিল উত্থাপন করেছে।
বিপিএ-র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, একাত্তর টেলিভিশনের চিফ প্লানিং অ্যান্ড কনটেন্ট এডিটর নূর সাফা জুলহাজ বলেন, প্রস্তাবিত গণমাধ্যম কর্মী বিলটিতে ব্রডকাস্ট কর্মীদের কথা চিন্তা করা হয়নি। বিলে গণমাধ্যম কর্মীর যে সংজ্ঞা দেওয়া হয়েছে, তা গণমাধ্যমের বাস্তব কর্মপরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিশ্বব্যাপী ব্রডকাস্ট প্রযুক্তির পরিবর্তন হচ্ছে, এর ফলে গণমাধ্যম কর্মীদের কাজের ধরন ও ভূমিকাও পরিবর্তিত হচ্ছে।
বিপিএ-র সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিপিএ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এবং দীপ্ত টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী, বিপিএ-র সদ্য বিদায়ী সভাপতি আকা রেজা গালিব, বিপিএ’র নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর চৌধুরী এবং সাধারণ সম্পাদক স্বীকৃতি প্রসাদ বড়ুয়া।
এর আগে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিপিএ-র বিদায়ী কমিটি তাদের দুই বছরের কার্যক্রম ও আয়-ব্যয়ের হিসেব তুলে ধরেন। নবনির্বাচিত বিপিএ কার্যকরী পরিষদকে শপথ পাঠ করান সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা।
আরও পড়ুন: আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ডিসেম্বরে
উল্লেখ্য, গত ২৬ মার্চ বিপিএ নির্বাচনে এনটিভির সিনিয়র ম্যানেজার (অনুষ্ঠান) জাহাঙ্গীর চৌধুরী সভাপতি এবং মাছরাঙা টেলিভিশনের সিনিয়র প্রযোজক স্বীকৃতি প্রসাদ বড়ুয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
অন্যদের মধ্যে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন-সহ-সভাপতি ওয়াসিক আরাফাত সেতু, সহ সাধারণ সম্পাদক ফাহিমা আহমেদ চৈতি, সাংগঠনিক সম্পাদক ইমরান আলী, অর্থ সম্পাদক শাহাদাত সেতু, প্রচার প্রকাশনা ও গণসংযোগ সম্পাদক সোহেইল জাফর, দপ্তর সম্পাদক শারমিন দীপ্তি, শিক্ষা ও গবেষণা সম্পাদক এইচ এম তপু, আইন ও কল্যাণ সম্পাদক সৈয়দ জোবায়ের ইকবাল, কার্যকরী সদস্য সুদীপ্ত সরকার, ড. বায়েজিদ মোড়ল, নুরুল আলম তরিত, আল মাসুদ নিপুণ এবং মনিরুজ্জামান কবীর।
খবর বিজ্ঞপ্তির।
একাত্তর/এসি