দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকি বাড়ানোর নির্দেশ মেয়র তাপসের

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বাজার মূল্য নিয়ন্ত্রণ বিষয়ক স্থায়ী কমিটিকে আরো বিস্তৃত পরিসরে বাজার তদারকি করার নির্দেশ দিয়েছেন সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (৫ এপ্রিল) নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে অনুষ্ঠিত সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় সভায় মেয়র এই নির্দেশনা দেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।

ডিএসসিসি মেয়র বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এরই মাঝে আইন অনুযায়ী প্রথমবারের মতো ‘বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ’ বিষয়ক স্থায়ী কমিটি গঠন করেছে। এই স্থায়ী কমিটি ইতোমধ্যে অনেকগুলো মার্কেট ও কাঁচা বাজার পর্যবেক্ষণ এবং অভিযান পরিচালনা করেছে।

তিনি বলেন, সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ঢাকা জেলা প্রশাসনসহ যে সকল সংস্থা বাজার মূল্য ও কার্যক্রম তদারকি করে থাকে তাদের সাথে সমন্বয় করে আমাদের স্থায়ী কমিটি পবিত্র রমজান মাসে দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় বাজার মূল্য তদারকি কার্যক্রম আরো বিস্তৃত করবে এবং তা বাস্তবায়ন করবে।

আরও পড়ুন: বিসিএস কম্পিউটার সিটিতে ফ্রি সার্ভিস ফেস্ট

মূল্য তালিকা অনুসারে দ্রব্যমূল্যের বিক্রয় নিশ্চিত করা জরুরি উল্লেখ করে তিনি বলেন, সরকারের বাণিজ্য মন্ত্রণালয় ও কৃষি বিপণন অধিদপ্তর হতে বাজারগুলোতে পণ্যের মূল্য তালিকা নির্ধারণ করে দেয়া হয়। কিন্তু সেগুলো যথাযথভাবে মানা হয় না। এছাড়াও কোনও ধরনের যৌক্তিক কারণ ছাড়াই হঠাৎ দ্রব্যমূল্য বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। এ ধরনের কার্যক্রম কাম্য হতে পারে না।

মেয়র এ সময় স্থায়ী কমিটিকে তালিকা অনুযায়ী দ্রব্যমূল্য বিক্রয় নিশ্চিত করার নির্দেশনা দেন।


একাত্তর/আরএ