ক্যাসিনোকাণ্ড: পেছালো এনু-রুপনসহ ১১ জনের রায়

ক্যাসিনোকাণ্ডে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এনামুল হক ভূঁইয়া ওরফে এনু ও রুপন ভূঁইয়াসহ ১১ জনের মামলার রায় পেছালো। আগামী ২৫ এপ্রিল রায় ঘোষণার জন্য পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত। 

বুধবার (৬ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত- ৫ এর বিচারক ছুটি থাকায় মানিলন্ডারিং আইনের ওই মামলায় রায় ঘোষণা করা যায়নি। 

এর আগে গত ১৬ মার্চ যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের ঘোষণার জন্য জন্য আজ বুধবার (৬ এপ্রিল) দিন ধার্য করেন আদালত।

মামলার অপর আসামিরা হলেন- মেরাজুল হক ভূঁইয়া শিপলু, রশিদুল হক ভূঁইয়া, সহিদুল হক ভূঁইয়া, জয় গোপাল সরকার, পাভেল রহমান, তুহিন মুন্সি, আবুল কালাম আজাদ, নবীর হোসেন শিকদার ও সাইফুল ইসলাম।

আসামিদের মধ্যে শিপলু, রশিদুল, সহিদুল ও পাভেল মামলার শুরু থেকে পলাতক। তুহিন জামিনে আছেন। অপর ছয় আসামি কারাগারে।

জানা যায়, রাজধানীতে ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনো পরিচালনা করতে এনু। ২০১৯ সালৈর ২৪ সেপ্টেম্বর এনু কর্মচারী আবুল কালাম আজাদের ওয়ারীর লালমোহন সাহা স্ট্রিটের বাসা ঘেরাও করে র‌্যাব। সেদিন ওই বাড়ি থেকে নগদ দুই কোটি টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৩ এর পুলিশ পরিদর্শক (শহর ও যান) জিয়াউল হাসান ২৫ নভেম্বর ওয়ারী থানায় মামলা দায়ের করেন। 

অভিযোগ করা হয়, এনু ও রুপন দীর্ঘদিন ক্যাসিনো পরিচালনার মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জন করে আসছে। অপকর্ম আড়াল করতে অবৈধভাবে উপার্জিত অর্থ তারা কালামের বাসায় রেখেছিল। যা মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ।

আরও পড়ুন: দুই নারীসহ আত্মগোপনে ছিলেন আশিষ: র‌্যাব

মামলাটি তদন্ত করে ২০২০ সালের ২১ জুলাই ১১ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন সিআইডি পুলিশের পরিদর্শক মোহাম্মদ ছাদেক আলী।

গত বছরের পাঁচ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বিচার চলাকালে আদালত ২০ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষ করেন।


একাত্তর/এসি