হল-ক্যাম্পাস ছাড়তে নারাজ ঢাকা কলেজের ছাত্ররা

রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ী ও দোকানিদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের জেরে ঢাকা কলেজের সব ছাত্রাবাস বন্ধ ঘোষণা করা হলেও এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। তারা ক্যাম্পাসে অবস্থান করার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল সোয়া চারটার দিকে সরকারি ঢাকা কলেজের শহিদ আ ন ম নজিব উদ্দিন খান অডিটোরিয়ামে সম্মিলিতভাবে ছাত্রনেতারা ছাত্রাবাস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন। এ সময় তারা বলেন, যে কোনো মূল্যে ছাত্রাবাস-ক্যাম্পাসে তারা অবস্থান করবেন।

এর আগে মঙ্গলবার বিকাল তিনটার দিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ টি এম মইনুল হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে ৫ মে পর্যন্ত আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করে বিকেলের মধ্যে হল খালি করার নির্দেশ দেয়া হয়। এরপরই এনিয়ে বৈঠকে বসে কলেজের ছাত্রনেতারা।

নির্দেশনা প্রত্যাখ্যান করে বিকাল সাড়ে চারটার দিকে শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষের কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। একই সময় কিছু শিক্ষার্থী কলেজের সামনের রাস্তায় দোকান কর্মীদের সঙ্গে বিক্ষিপ্ত সংঘর্ষ চালিয়ে যাচ্ছিল।

সন্ধ্যার আগে সংঘর্ষ থামলেও অধ্যক্ষের কার্যালয়ের বাইরে বিক্ষোভ চলতে থাকে। এ সময় শিক্ষার্থীরা জানান, তারা হল ছেড়ে যাবেন না। প্রয়োজনে রাজপথে থেকে কঠোর আন্দোলন চালিয়ে যাবেন। তারা সংঘর্ষের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন।

আরও পড়ুন: দুই দোকানের বিরোধ রূপ নেয় ব্যবসায়ী বনাম শিক্ষার্থী সংঘর্ষে

এ সময় ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফুয়াদ হাসান বলেন, সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। প্রয়োজনে আমরা লাশ হয়ে বের হব, তবু হল-ক্যাম্পাস ছাড়ব না।


একাত্তর/আরএ